হাও টু ট্রেইন ইওর ড্রাগন
তোমরা কি ড্রাগন চেনো? টিভির পর্দায় আর কার্টুনে তো কখনও না কখনও ড্রাগন দেখেই থাকবে। তবে অনেকেই বলে থাকে, বাস্তবে ড্রাগন নামে কোনো প্রাণী নেই। এটি একটি কাল্পনিক প্রাণী। বিশাল আকারের এই ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের বিরাট পাখা ছড়িয়ে উড়ে বেড়ায় আর এদের মুখ থেকে বের হয় প্রচণ্ড আগুন।
এখন, ভাবো তো এমনই বিশাল একটি ড্রাগনের পিঠে চেপে তুমি উড়ে বেড়াচ্ছো। অথবা একটি বিরাট আকারের পোষা ড্রাগন আছে তোমার! কী হালটাই না হবে বাবা! ভাবতেই যেন কেমন লাগে! তবে একটি ড্রাগন পোষার গল্পই আজ বলবো তোমাদের--
গ্রামটির নাম বার্ক, সমুদ্রের মাঝে একটি ছোট দ্বীপে তার অবস্থান। সে গ্রামের মানুষের সবচেয়ে বড় ভয় হলো ড্রাগন। প্রায়ই ওই গ্রামে খাবারের সন্ধানে হামলা করে শত শত ড্রাগন। তাই গ্রামটির বেশিরভাগ মানুষই ভাইকিংস হতে চায়।
যারা ভাইকিংস, তারা ড্রাগন শিকারে পারদর্শী হয়। আর বার্ক গ্রামে অন্যদের কাছে তাদের কদরও বেশি। তাই গ্রামের তরুণদের মধ্যে ভাইকিংস পেষা হিসেবে বিশাল জনপ্রিয়। তবে বললেই কিন্তু ভাইকিংস হওয়া যায় না; ভাইকিংস হতে হলে, পাশ করতে হয় ড্রাগন মারার পরীক্ষায়।
গ্রামের ভাইকিংস সর্দার স্টোয়িকের ছেলে হিকাপ। গ্রামের আর পাঁচজন সমবয়সীদের থেকে হিকাপ পুরোই ভিন্ন। সে ভিতু আর ভাইকিংস হওয়ার জন্য অন্য যেসব গুণ প্রয়োজন তার কিছুই ছিলো না তার। কিন্তু হিকাপের বাবা স্টোয়িক চাইতেন, ছেলেও যেন তার মতোই ভাইকিংস হতে পারে। কিন্তু হিকাপ তা পারে না বলেই তার উপর স্টোয়িকের যতো রাগ।
ড্রাগন মারতে না পারলেও দারুণ সব যন্ত্র বানাতে পটু হিকাপ। তাই একদিন তার বাবার রাগ দূর করতে এবং নিজেকেও ভাইকিংস হিসাবে প্রমাণ করতে সে একটি বিশেষ অস্ত্র তৈরি করল।
এক রাতে যখন ড্রাগনরা বার্ক গ্রামে হামলা চালালো তখন হিকাপ তার অস্ত্রটি কাজে লাগালো। আর ওই যন্ত্র থেকে ছোড়া জাল আঘাত করে ‘নাইট ফিউরি’ নামের একটি দুর্লভ প্রজাতির ড্রাগনকে।
নানা প্রজাতির ড্রাগনের মধ্যে ‘নাইট ফিউরি’ দুর্লভ এবং অত্যন্ত ভয়ঙ্কর। কোনোদিন এই ড্রাগনটি দেখেনিও, এমনকি বইপত্রেও এই প্রজাতি সম্পর্কে কোনো তথ্য নেই।
যেদিন রাতে হিকাপ ড্রাগনটিকে আঘাত করে তার পরদিন জঙ্গলের মাঝে আহত নাইট ফিউরিটিকে খুঁজে পায় সে। কিন্তু এরপর সে ড্রাগনটিকে মারতে ব্যর্থ হয়। উল্টো পায়ের বাঁধন কেটে ওকে মুক্তো করে দেয়।
কিন্তু হিকাপ খেয়াল করে কোনো একটি কারণে উড়ে পালাতে পারছে না কালো রংয়ের ড্রাগনটি। হিকাপ আবিষ্কার করে, ড্রাগনটির লেজের একটি অংশ ভেঙে গেছে।
ড্রাগনটির প্রতি মায়া হয় হিকাপের। তাই তার জন্য প্রতিদিন খাবার এনে দিতে থাকে। এইভাবেই হিকাপের সঙ্গে বন্ধুত্ব হয় ড্রাগনটির। হিকাপ ওর নাম রাখে ‘টুথলেস’। নাম টুথলেস শুনে আবার ভেবো না যে ড্রাগনটির দাঁত নেই, ওর দাঁত থাকার পরও হিকাপ ওর নাম দেয় টুথলেস।
টুথলেসের সঙ্গে থেকে ড্রাগন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে হিকাপ। টুথলেসের ভাঙা লেজের জন্য কৃত্রিম একটি অংশও তৈরি করে ফেলে। ওই পাখাটি জুড়ে দিয়ে টুথলেসের পিঠে চরে উড়তে শুরু করে সে। এত কিছুর পরে টুথলেসও খুব ভালোবেসে ফেলে হিকাপকে।
অন্যদিকে হিকাপের ড্রাগন হত্যার প্রশিক্ষণ চলতে থাকে। টুথলেসের কাছ থেকে ড্রাগন সম্পর্কে জানার কারণে অন্যদের তুলনায় বেশ দ্রুতই ড্রাগনদের বশ করে ফেলে হিকাপ। আর তাই সকলের বাহবাও পেতে থাকে সে। কিন্তু প্রশিক্ষণের শেষ পর্বে তো নিজেকে ভাইকিংস হিসেবে প্রমাণ করতে একটি ড্রাগনকে হত্যা করতে হবে তার, এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পরে যায় সে। কারণ টুথলেসের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে সে বুঝতে পারে, চাইলেই ড্রাগনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে মানুষ।
তাছাড়া তার আরও বড় চিন্তা রয়েছে হিকাপের, যদি কোনোভাবে টুথলেসের কথা জানাজানি হয়ে যায় তবে হিকাপের বাবা আর গ্রামের সবাই মিলে ওকে মেরেই না ফেলে! কথায় বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়? ঠিকই হিকাপের সমবয়সী একটি মেয়ে অ্যাসট্রিড সন্দেহ করে ফেলে কিছু ঝামেলা আছে। এভাবে একদিন হিকাপের পিছু নিয়ে টুথলেসের খবরও পেয়ে যায় অ্যাসট্রিড।
এবার হিকাপ কী করবে! কীভাবে সামলাবে অ্যাসট্রিডকে? কীভাবেই বা গ্রামের অন্যদের বোঝাবে যে ড্রাগনের সঙ্গেও বন্ধুত্ব করা সম্ভব!
এই সব জানতেই দেখতে হবে ‘ড্রিম ওয়ার্কস’ প্রোডাকশনের ‘হাও টু ট্রেইন ইওর ড্রাগন’ অ্যানিমেশন সিনেমাটি।
