বইমেলায় সাদিকা রুমনের বই ‘পাখিদের ধর্মঘট’
পাখিরা কেন ধর্মঘটের ডাক দিয়েছে?
সবাই পাখি পছন্দ করে। পাখি আছে বলেই আকাশটা এতো সুন্দর। পাখি তার ডালে বসবে বলেই যেন গাছ তার শাখা মেলে। মানুষ পাখির মতো স্বাধীন হতে চায়। কিন্তু সেই পাখিরা কেন অসন্তুষ্ট হয়ে মে ধর্মঘটের ডাক দিয়েছে?
এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে কবি সাদিকা রুমনের বই ‘পাখিদের ধর্মঘট’থেকে। একুশে বইমেলা উপলক্ষ্যে বইটি প্রকাশ করছে ইকরিমিকরি প্রকাশনী, প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নূরুস সাফা অনিক।
১৪৮ পৃষ্ঠার এ বইয়ের গল্পগুলো হলো- ‘পাখিদের ধর্মঘট’, ‘নিশ্চিন্তপুরে বৃষ্টি’, ‘বিড়াল ও মাছরাঙা’, ‘গানের ফিরে আসা’, ‘উষা ও এক ঝাঁক শ্বেতপায়রা’, ‘ধরিত্রীর প্রাচীন শামুক’, ‘মেঘসুরের ভাষা’, ‘ভদ্রাবতীর মাছেরা’ এবং ‘ওশানের সমুদ্রযাত্রা’।
বইটি সম্পর্কে লেখক সাদিকা রুমন বলেন, “এই বইটি তাদের জন্য যারা এরই মধ্যে তাদের দশম জন্মদিন পার করে ফেলেছে। গল্পগুলো আধা বাস্তব, আধা স্বাপ্নিক।”
সাদিকা গবেষণা করেছেন আদিবাসী বিষয়ে। কবিতা লেখার পাশাপাশি লিখেন শিশুদের জন্যও। শিশুকিশোরদের জন্য তার আরও কিছু বই ‘নিঝুম রাজ্যে বসন্ত’, ‘ফুলমনি’, ‘রংয়ের দেশে পত্রলেখা’ ও ‘ফাংসাং’।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিশুদের হতাশার গল্প শোনাতে চাই না আমরা কেউ-ই। তবু এই সময়ের বুকে জমে থাকা যে ক্ষত আমাদের আষ্টেপৃষ্ঠে ছেয়ে ফেলেছে তার থেকে বেরোবার উপায় কী! যদি সত্যিই কোনো পথ থেকে থাকে সে পথের হদিস হয়ত শিশুরাই জানে বা জানবে একদিন। একটা ক্ষত-বিক্ষত, দগ্ধ পৃথিবী আমরা যাদের হাতে তুলে দিয়েছি, তারা কোনো অলৌকিক শক্তিবলে আমাদের ফিরিয়ে দেবে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার স্বস্তি, হয়ত এমন স্বপ্নই আমরা দেখি মনে মনে।
“তবু মানুষ বাঁচে, পৃথিবী টিকে আছে আশাবাদ আছে বলেই! ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বৃক্ষ, প্রাণী এবং মানবশিশু! পাখিরা ধর্মঘটের ডাক না দিক, মানুষ হোক তার পরম মিত্র।”
প্রয়াত প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে বইটি উৎসর্গ করে লেখক লিখেছেন, “পথে যেতে যেতে নাম না জানা গাছগুলোর দিকে তাকিয়ে তাঁকে মনে করি”।
বইটির ফ্ল্যাপে প্রকাশক লিখেছেন, “মানুষ প্রকৃতির অংশ। প্রকৃতির হর্তাকর্তা কিন্তু নয়। এই পৃথিবীতে একটা জোনাকিরও যেমন অধিকার, মানুষেরও ঠিক তেমন। এই সত্য ভুলে গিয়ে মানুষ ডেকে এনেছে নানান সর্বনাশ। অরণ্য, প্রাণী, ঘাস, বুনোফুল, পাহাড়, সাগর, নদী, হাওয়া সবকিছুকে বিপন্ন করেছে। এই বিপন্ন পৃথিবীটাকে সারিয়ে তোলা কঠিন বটে, কিন্তু একটুখানি চেষ্টা করে দেখতে ক্ষতি তো নেই! না হয় একটু বেশি চেষ্টাই করলাম তুমি, আমি আর আমরা সব্বাই মিলে!”
বইমেলায় ‘পাখিদের ধর্মঘট’ পাওয়া যাবে শিশু চত্বরে ইকরিমিকরি প্রকাশনীর ৬৭১-৬৭২ নাম্বার স্টলে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
