শিশুদের অংশগ্রহণে কড়াইলে বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস পালিত
‘সর্বজনীন প্যালিয়েটিভ কেয়ার অর্জন: সবাই প্রতিশ্রুতিবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)-এর উদ্যোগে শনিবার রাজধানীর কড়াইল বস্তিতে ‘মমতাময় কড়াইল প্রকল্প’-এ শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শুরু হওয়া এই আয়োজনে কড়াইল এলাকার শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষ্যে স্থানীয় পাঁচটি স্কুলে আয়োজিত চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৫ সাল থেকে ‘মমতাময় কড়াইল প্রকল্প’-এর মাধ্যমে কড়াইল এলাকার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্যালিয়েটিভ কেয়ার, চিকিৎসা সহায়তা, মানসিক পরামর্শ এবং জীবনমান উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে পিসিএসবি। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই দিবসের মূল লক্ষ্য—জীবনের শেষপ্রান্তে থাকা রোগীদের প্রতি সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ অধ্যাপক নিজামুদ্দিন আহমদ, পিসিএসবির সভাপতি নাঈম আহমেদ, সদস্য সচিব অধ্যাপক সানজিদা শাহরিয়া, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, শিশু বিশেষজ্ঞ নূর জাহান বেগম, ‘মমতাময় কড়াইল প্রকল্প’-এর পরিচালক তাহনিম জেরিন, প্রকল্প সমন্বয়ক ফারজানা মালা ও পিসিএসবির ম্যানেজার শাহাদৎ রুমন।
‘বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস’ প্রথম পালিত হয় ২০০৫ সালের ৮ অক্টোবর। ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ) বিশ্বব্যাপী হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার সেবার প্রচার, উন্নয়ন ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দিবসটি উদযাপন শুরু করে।
দিবসটির মূল লক্ষ্য হলো—জীবনসীমিত রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের চিকিৎসা, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক প্রয়োজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে প্যালিয়েটিভ কেয়ারের প্রাপ্যতা নিশ্চিত করা।
