২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই ক্লান্ত, ভোট গুনতে দেরি হচ্ছে, জাকসুর ফল দুপুরে: নির্বাচন কমিশন

“সকালে যদি ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়; তারপর কেন্দ্রের ব্যালট গণনা শুরু হবে।”

মাহিদুল ইসলাম মাহি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 03:29 AM

Updated : 26 Aug 2026, 02:17 PM

শেষ সময়ে এসে বর্জন ও অনিয়মের অভিযোগ তোলার মধ্যে দিয়ে হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে ধীরগতিতে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট শেষে হলের কেন্দ্রগুলো থেকে বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। পরে রাত ১০টার কিছু পরে শুরু হয় ভোট গণনা।

রাত পৌনে ৩টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন শুধু হল সংসদের ভোট গণনা চলছে। হলের ভোট গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। মনে হচ্ছে, জুমার নামাজের আগে শেষ হবে না।” 

তিনি আরও বলেন, “শিক্ষক-কর্মকর্তারা সারাদিন হলে ভোটগ্রহণের দায়িত্ব পালন করেছেন। এখন আবার তারা সিনেট ভবনে ভোট গণনায় দায়িত্ব পালন করছেন। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত। এ কারণে ভোট গণনা ধীর গতিতে হচ্ছে।”

“সকালে যদি ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়; তারপর কেন্দ্রের ব্যালট গণনা শুরু হবে। সব মিলিয়ে ফলাফল ঘোষণা করতে করতে নামাজের পর চলে যেতে পারে।” 

সবার আগে কাজী নজরুল ইসলাম এবং মীর মশাররফ হোসেন হলের ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়। পরে আ ফ ম কালাম উদ্দিন হল, শহীদ জননী জাহানারা ইমাম হলসহ আরেকটি হলের ব্যালট বাক্সও খুলে গণনা শুরু হয়। 

রাত আড়াইটার দিকে একটি হলের ভোট গণনা শেষ হয়েছে; আরও চারটি হলের গণনা চলছে।

সিনেট ভবনে কর্মকর্তারা ঘোষণা দেন, একসঙ্গে দুটি করে হলের ভোট গণনা করা হবে। প্রথমে হল সংসদের, এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা হবে।

প্রায় ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে শুরু হওয়া ভোটগ্রহণ বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই বিকাল ৫টায় শেষ হয়। এতে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

এর আগে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়।

কয়েকটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ করা হয়। সবশেষ রাত সাড়ে ৭টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সিনেট ভবন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়েই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ক্যাম্পাসের গেইটগুলোতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি সদস্যদের দেখা গেছে। 

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন।

ভোটারের তথ্য

জাকসুতে এবার মোট ভোটার ১১,৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬১১৫, ছাত্রী ৫৭২৮। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে; কেন্দ্রীয় সংসদে ২৫টি, হল সংসদে ১৫টি পদে।

এবার জাকসু ভোটের মোট প্রার্থী ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৩২ জন, নারী প্রার্থী ৪৬ জন। এখানে পদের সংখ্যা ২৫টি।

মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। প্রতি হলে পদ সংখ্যা ১৫টি। মোট ৪৪৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১১ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন এবং ১০ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।