০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু রোগী সামাল দিতে হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা

"রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হয় বা জ্বর হয় তারা যেন অতি দ্রুত হাসপাতালে আসে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2024, 09:17 PM

Updated : 19 Mar 2024, 09:23 PM

ডেঙ্গু রোগী বাড়তে থাকায় হাসপাতাল প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করনীয় নিয়ে মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, “আমরা প্রিভেনশন (প্রতিরোধ) নেব। প্রতি ওয়ার্ডে, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো যে ডেঙ্গু কীভাবে হয়। আমাদের হাসপাতালে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন হাসপাতাল প্রস্তুত রাখেন।

“রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হয় বা জ্বর হয় তারা যেন অতি দ্রুত হাসপাতালে আসে। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসে, তখন কিছু করা যায় না। এই মেসেজগুলো আমরা দিচ্ছি।”

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “আমরা প্রথমে বিটিআই (মশার ওষুধ) এনেছিলাম। একটা ঠিকাদারের মাধ্যমে এনেছিলাম। এটার মূল্য ছিল ৮৫ লাখ টাকা।

“টেস্ট কেস হিসেবে বিটিআই চেয়েছিলাম। কিন্তু বিটিআই দেখেছি ৫ টন। যে ঠিকাদার নিয়ে এসেছেন সে এটাকে মিস ডিক্লিয়ারেশন করেছেন এবং যা ইচ্ছে তাই করেছে। সোশাল মিডিয়ায়, সবখানে বলেছেন যে, আমরা হাজার হাজার কোটি টাকা বানায় ফেলেছি।”

মেয়র বলেন, “৫ টনের মূল্য ছিল ৮৭ লাখ টাকা। সেই ৫ টন বিটিআই আদালতের নির্দেশনার কারণে ব্যবহার করিনি। যে ঠিকাদার সে একবার জেল দেখায়, একবার জামিন নেয়, এটা আদালতের ব্যাপার। আমরা এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন সরাসরি প্রথমবারের মত বিটিআই আমদানি করতে যাচ্ছি।”

এক প্রশ্নে তিনি বলেন, “গতবার জাপান গার্ডেনকে জরিমানা করেছি। তিন কোটি ৮৭ লাখ টাকা জরিমানা করেছি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। গুলশান লেক যেদিন প্রথম পরিষ্কার করি সেখান থেকে কোটি কোটি মশা বের হয়ে গেছে। আগামীকাল যাব উত্তরায় রাজউকের খাল পরিষ্কার করার জন্য।”