Published : 19 May 2026, 03:41 PM
হামের সুচিকিৎসা নিশ্চিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।
এতে বলা হয়, সম্প্রতি বেসরকারি হাসপাতালে হাম ও উপসর্গের রোগী ভর্তি না করার অভিযোগ মিলছে। এ পরিস্থিতিতে নিম্নোক্ত নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হচ্ছে।
১. সব বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আবশ্যিকভাবে হাম ও সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন ঠিক করবে।
২. বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসা বা ভর্তি নিয়ে চিকিৎসা দেবে।
৩. বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী, সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম ১০ শতাংশ শয্যা দরিদ্র জনগণের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় সংরক্ষণের বিধান রয়েছে। এই ১০ শতাংশ শয্যার অর্ধেক শয্যা হাম রোগ ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট থাকবে।
৪. ভর্তি হওয়া রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।
৫. ভর্তি রোগী সম্পর্কিত তথ্য প্রতিদিন এমআইএস ওয়েবসাইটে (http://surveillance.dghs.gov.bd) দিতে হবে। প্রয়োজনে 01759114488 এ হটলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
৬. স্থানীয় সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে হাম ও সন্দেহজনক রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে।