Published : 11 Jun 2026, 05:42 PM
মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম সরকার শুরু করেছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ কথা বলেন। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, “দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু করেছে। যার মধ্যে ৮০ শতাংশ হবে নারী।
“দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদ পূরণের লক্ষ্যে দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরি করা যায়।”
অর্থমন্ত্রী আরো বলেন, “২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ।”
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, জিডিপি'র ০ দশমিক ৫৮ শতাংশ।