০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৪

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে গেছে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 05:31 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরো ১১৪ জনের। 

এ নিয়ে ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ৬২৫ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮০, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। 

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৫৪, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৬৩, রংপুরে ৮ জন রয়েছে। 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন; যার মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন এরইমধ্যে ছাড়া পেয়েছেন।