২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৩ জন

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হল এইডিস মশাবাহিত এই রোগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 05:18 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৭৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হল এইডিস মশাবাহিত এই রোগে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০১ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩৫ জন। ১০৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৫১ জন।

বিভাগের মধ্যে বরিশালে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন ও ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।