১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

সদ্য শেষ হওয়া জুনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ১৩ জন মারা গেছে মশাবাহিত রোগটিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 07:31 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

দেশে গত একদিনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে আরো ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত জুনেই মারা গেছে ১৩ জন।

জুনে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯০৭ জন; যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জানুয়ারিতে ১ হাজার ৮১ জন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময় পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে ৮ এবং দক্ষিণ সিটির হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ২৩, বরিশাল বিভাগে ৪৬, চট্টগ্রাম বিভাগে ২৭, খুলনা বিভাগে ২৪, ময়মনসিংহে ১৪ ও রাজশাহী ৪ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘটনায় সুস্থ হয়ে ১৬১ জন হাসপাতাল ছেড়েছেন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়; যার মধ্যে ৫ হাজার ৭৯৩ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।