ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন
জুলাই মাসের এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন।
দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৫০ জনের মৃত্যু হল। শুধু জুলাই মাসের এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ জন। ৫৬ জন ভর্তি হয়েছেন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরো ১৩১ জন ভর্তি হয়েছে।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ৬৮ জন, চট্টগ্রামে ৭১ জন, খুলনায় ৪৫ জন ও ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩০, রংপুরে ২৬ এবং সিলেটে পাঁচ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় কারো হাসপাতাল ছাড়ার তথ্য দেয়নি বুলেটিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
