০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৫৮৮ জনে।

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 04:52 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৪৯৮ জনের প্রাণ গেল। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ১৩৪ জন।

এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন মোট ৭২ হাজার ৭০ জন। আর নিশ্চিত হাম হয়েছে ৯ হাজার ৯৪ জনের।

মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২০০ জন ঢাকায় মারা গেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৯ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছেন। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছেন রংপুরে।