Published : 29 Jun 2026, 05:37 PM
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন হাম রোগী শনাক্ত হয়েছে ১৪১ জন।
এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে মোট ১ লাখ ২১১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ১১ হাজার ৮৫১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩ জনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২৩ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৯, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত) ১ হাজার ৪ জন হামের উপসর্গ নিয়ে নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৯৬২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৩ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ৭৪, চট্টগ্রামে ২৩৮, বরিশালে ১০২, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৬৩, রংপুরে ১১ জন রয়েছে।