হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা, ডাক্তারদের দুই বেলা রাউন্ড দিতে হবে
সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও হামের উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করতে হবে।
দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামের উপসর্গ ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতিদিন ডাক্তারদের দুই বেলা রাউন্ডসহ বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এসব নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও হামের উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করতে হবে।
সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দিতে হবে এবং প্রয়োজনে ভর্তি করে চিকিৎসা দিতে হবে।
হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল-বিকাল দুই বেলা রাউন্ড দেবেন।
প্রত্যেক ভর্তি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক/দর্শনার্থী হাসপাতালে অবস্থান করতে পারবেন।
ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করবেন।
জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর 01759114488 এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আর এ রোগের লক্ষণ নিয়ে ৩৮৯ জন মারা গেছে।
