Published : 18 Jul 2026, 06:39 PM
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এআই সমন্বিত যৌথ প্রাথমিক স্বাস্থ্যসেবা গবেষণা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে গত বৃহস্পতিবার ‘বাংলাদেশে এআই-সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান’ শীর্ষক এই গবেষণা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের নেতৃত্বে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্পৃহা ফাউন্ডেশন যৌথভাবে এই গবেষণা প্রকল্প পরিচালনা করছে।
আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পৃহা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই গবেষণার মাধ্যমে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে এআই সমর্থিত প্রযুক্তি অন্তর্ভুক্ত করার কারিগরি, অর্থনৈতিক এবং পরিচালনাগত সম্ভাব্যতা মূল্যায়ন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “এই প্রকল্প বাস্তবায়নে খুবই বাস্তবসম্মত পদক্ষেপে এগোনো হচ্ছে এমন একটা সময়ে, যখন সরকার স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর কথা বলছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিশেষ নজর রেখে এই খাতকে আধুনিকায়নে গবেষণাটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
“এটি একটি আদর্শ উদ্যোগ, যা সরকার, অ্যাকাডেমিয়া এবং এনজিও সংস্থার সমন্বিত প্রচেষ্টায় অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আগামী বছর গবেষণার ফল প্রকাশের অনুষ্ঠানে আমি অংশগ্রহণের জন্য অপেক্ষায় থাকব।”
অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব বলেন, “আপনি এআই পছন্দ করুন বা অপছন্দ, একে উপেক্ষা করার সুযোগ নেই। নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহারে বেশি অভ্যস্ত হওয়ায়, এর নেতৃত্ব ও বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনামুল হক।
তার নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় সরকার, অ্যাকাডেমিয়া, স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে; যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এআই সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রমাণভিত্তিক সুপারিশ প্রণয়ন করা যায়।
অনুষ্ঠানে গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্পের দলনেতা ও আইইউবিএটির জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে নাজমুল হুদা।
আরো বক্তব্য দেন স্পৃহা ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান মাইকেল চালভে।