Published : 24 Jun 2026, 05:38 PM
বর্ষা শুরু হতে না হতেই দেশে বাড়তে শুরু করেছে এইডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো, শনাক্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার।
এর মধ্যে শুধু চলতি মাসের ২৩ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৭ জনের, শনাক্তের সংখ্যা ২ হাজার ১২০।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৫৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ ও দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ২৯ জন ভর্তি হয়েছেন।
তার বাইরে ঢাকা বিভাগে অন্যান্য হাসপাতালগুলোতে ১১ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৩ ও রাজশাহী ৪ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১১৯ জন ডেঙ্গু রোগী।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৫ হাজার ৩১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন; যার মধ্যে সুস্থ্য হয়ে ফেরেন ৪ হাজার ৯১৯ জন।