২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এ বছর হাসপাতালে ভর্তি রোগী ২৭ হাজার ছাড়াল

এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৫৭ জন। তাতে এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১১৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দেয়। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে হাসপাতালে ভর্তি হন না। এ কারণে দেশে ঠিক কত মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন সেই তথ্য জানা যায় না।

বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। এ ছাড়া ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। 

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। অগাস্টে ১৯ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অগাস্টের ১৯ দিনে হাসপাতালে গিয়েছেন ৬১৩৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১৩৮ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগে ৪৬ জন এবং সিলেট বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৭৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৫৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮২৬ জন।