২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিটার হাতে ‘বিজয়রথে’ সাকিব আল হাসান

ক্রিকেটের অলরাউন্ডার সাকিবকে টিভি বিজ্ঞাপনে দেখা যায় প্রায়ই। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার তাকে দেখা যাবে গানের ভিডিওতে।

গিটার হাতে ‘বিজয়রথে’ সাকিব আল হাসান

বিজয়রথ গানের পোস্টারে সাকিব আল হাসান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 09:42 AM

Updated : 20 Oct 2022, 10:42 AM

শুরু হয়ে গেছে বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক কাঁধে তুলে নিয়েছেন গিটার!

ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে টিভি বিজ্ঞাপনে দেখা যায় প্রায়ই। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার ‘বিজয়রথ’ নামের একটি গানের ভিডিওতে তাকে দেখা যাবে।

প্রযোজনা সংস্থা জি সিরিজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। গীতিকার সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন মাইলসের গিটারিস্ট জুয়েল। ড্রামসে ছিলেন সাজু, বেজ গিটারে পাভেল।

‘আসলে আসুক না বাধা-কিছুতেই করি না ভয়, ছিনিয়ে নেবোই জানি বিজয়’- এমন কথায় গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ফ্লাইবট স্টুডিও।

ইকবাল আসিফ জুয়েল বলেন, “আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি।

“সকল বাঁধা পেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে ওঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা।”

জুয়েল বলেন, “আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লসিত হই, তেমনি ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজাড় করে দেব। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা।”

বৃহস্পতিবার জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।