কোয়েল মল্লিক এবার বিজেপিতে, কুণাল ঘোষ বললেন ‘বিশ্বাসঘাতক’
মানুষের কল্যাণ ও সেবা করা লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন কোয়েল।
বছরের শুরুতে তৃণমূল কংগ্রেস থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দল ছাড়েন তিনি। ছয় মাসের ব্যবধানে ক্ষমতাসীন দলে ভিড়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক কন্যা।
নিউজ এইট্টিন জানিয়েছে, পশ্চিমবঙ্গের শূন্য আসনে আসন্ন রাজ্যসভা নির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজ্ঞপ্তিতে বিজেপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে ৬ অক্টোবর।
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন কোয়েল। তারপর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়।
জল্পনার ইতি টেনে সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কোয়েল। দলে যোগদান করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মানুষের কল্যাণ ও সেবা করা লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন কোয়েল।
কোয়েলের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা, বিধায়ক ও দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। কোয়েল মল্লিককে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিকে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই দশক কাটিয়ে দিয়েছেন কোয়েল। অবশেষে টেলিভিশনের পর্দায় ধারাবাহিক নাটকে অভিষেক হতে যাচ্ছে তার।
কোয়েল ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘মন মানে না’র মত বেশ কিছু বাণিজ্যিক সিনেমায় কাজ করেছেন।
বেশ কয়েক বছর ধরে গোয়েন্দা গল্পের সিরিজ সিনেমা ‘মিতিন মাসি’ এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কোয়েল।
