বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার সত্য ঘটনা নিয়ে বিটিভির নাটক
‘শহীদ মুজিব দিবস’ পালনের উদ্যোগ নিয়ে ১৪ বছর জেল খাটতে হয়েছিল বিশ্বজিত নন্দীকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার ‘অনন্য দৃষ্টান্তের সত্য ঘটনা নিয়ে’ নাটক ‘নন্দিত বন্দি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।
বিটিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফজলুল হক আকাশ রচিত, আব্দুল্লাহ আল মামুন প্রযোজিত নাটকটি শনিবার রাত ৯টায় দেখানো হবে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালের ১৫ অগাস্ট বিশ্বজিত নন্দীসহ কয়েকজন ‘শহীদ মুজিব দিবস’ পালনের উদ্যোগ নেয়। সারাদেশে হরতালের ডাক দেয় তারা।
বিশ্বজিৎ নন্দী ১৯৭৬ সালের ১৪ অগাস্ট আহত অবস্থায় সেনা সদস্যদের হাতে গ্রেপ্তার হন। ১৯৭৭ সালের ১৮ মে সামরিক আদালতে তার ফাঁসির আদেশ হয়।
এরপর প্রায় চৌদ্দ বছর তাকে কাটাতে হয় বন্দি জীবন। আশির দশকে বিশ্বজিৎ নন্দীসহ সকল কারাবন্দির মুক্তির দাবিতে আন্দোলন করেন আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৯৮৯ সালের ১৪ ডিসেম্বর বিশ্বজিৎকে মুক্তি দেওয়া হয়।
বিটিভি জানিয়েছে, বিশ্বজিত নন্দী ও তার সহযোগী সকল বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নন্দিত বন্দি’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইয়া, সমু চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, নয়ন চৌধুরী, শিল্পী সরকার অপু, দীপা খন্দকার, খলিলুর রহমান কাদেরী, মুস্তাফিজুর রহমান।
