১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ চলে গেলেন কবি, অভিনেতা তারেক মাহমুদ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারেক মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 11:04 AM

Updated : 27 Oct 2023, 11:05 AM

কবি, অভিনেতা ও নাট্যনির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকার মগবাজারের কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর গ্লিটজকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারেক মাহমুদ।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে একটি শোক বার্তাও দেওয়া হয়েছে।

তারেক মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে।

অভিনেতা কচি খন্দকার ফেইসবুকে লেখেন, “প্রিয় তারেক মাহমুদ গতকাল আমাকে তার শেষ ছবিটা পাঠায়। অদ্ভুত জীবন তারেক, তোর চলে যাওয়া মানছি না। এটা মিথ্যা হোক।”

এই পোস্টের মন্তব্যের ঘরে কবি ও নির্মাতা টোকন ঠাকুর লেখেন, “অবিশ্বাস্য কচি ভাই। সন্ধ্যায় কনকর্ডের সামনে দেখা হলো। আমি, শাহীন, মুকুল, রণজিৎ এক পসলা আড্ডা দিলাম। তারেক নেই হয়ে গেল।”

কবি আলতাফ শাহনেওয়াজ ফেইসবুকে লেখেন, “কবি তারেক মাহমুদ মারা গেছেন হার্ট অ্যাটাকে, খানিকক্ষণ আগে। আমরা যখন শাহবাগের আজিজ মার্কেটের বাসিন্দা হচ্ছি সেই ১৯৯৯, ২০০০ কালপর্বে, তখন আজিজ ছিল তার বাড়িঘর। 'পথিক' নামে একটা ছোটকাগজ করতেন মনে পড়ে। কবিতা লিখতেন। দেখা হলে দূর থেকে হাসি বিনিময় হতো আমাদের এককালে। কখনোবা কথাও। এখন তো আজিজের সেই আড্ডাও নাই, হাসিও নাই, আছে ভারচুয়াল হাসির ইমোজি। তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিল শিল্পকলা একাডেমীতে, মাস দুয়েক আগে। আর এখন শুনলাম, তিনি নেই। যেখানেই থাকেন, ভালো থাকবেন তারেক ভাই।”

অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান জলপড়ে ডটকমের স্বত্ত্বাধিকারী মাহবুব সেতু ফেইসবুকে লিখেছেন, “এই সংবাদ কেমনে সহ্য করব! কবি ও অভিনেতা তারেক মাহমুদ আর নেই! রাত সাড়ে আটটা পর্যন্ত একটা প্রোগ্রামে পাশাপাশি বসে বই আলোচনা ও কবিতা শুনেছি। ওপারে ভালো থাকবেন তারেক ভাই। পারলে ক্ষমা করবেন!”