২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মোদীর চোখে কী দেখেছেন কঙ্গনা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কেউ কিছু বললেই কঙ্গনা চটে যান; পাল্টা বক্তব্য দিয়ে সবার ওপরে তুলে ধরেন এই বিজেপি নেতাকে।

মোদীর চোখে কী দেখেছেন কঙ্গনা?

নরেন্দ্র মোদী ও কঙ্গনা রানাউত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 05:15 PM

Updated : 18 Jan 2024, 05:15 PM

রাজনৈতিক মতাদর্শের কারণে নানা বিতর্কে জড়ালেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকেই অব্যাহত সমর্থন দিয়ে আসছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কেউ কিছু বললেই তিনি চটে যান; পাল্টা বক্তব্য দিয়ে সবার ওপরে তুলে ধরেন এই বিজেপি নেতাকে।

মোদীর প্রতি নিজের মুগ্ধতা এর আগেও প্রকাশ করেছেন কঙ্গনা, ভারতের উন্নয়নের কাণ্ডারি হিসেবেই দেখেন তাকে। তবে এবার মোদীর চোখে চোখ রেখে ভিন্ন কিছু দেখছেন এ বলিউড অভিনেত্রী।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে মোদীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমরা সকলেই জানি মোদীজি আমাদের মধ্যে থেকেই উঠে আসা একজন। কিন্তু তার মধ্যে এমন কিছু আছে, যা অন্যদের থেকে আলাদা করে তাকে।

“তার চোখের দিকে তাকিয়ে দেখুন। আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, নিষ্ঠা রয়েছে। তরবারির মত তীক্ষ্ণ সাহস রয়েছে।”

গত বছর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে ‘নতুন ভারতের বিশ্বকর্মা’র আখ্যা দেন কঙ্গনা। প্রধানমন্ত্রী বললে ভোটে দাঁড়ানোর কথাও জানান তিনি।

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপিয়ে তাকে ‘অপয়া’ আখ্যা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তাতে বেশ চটেছিলেন কঙ্গনা।

সে সময় সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে এই অভিনেত্রী লেখেন, “যারা প্রধানমন্ত্রীকে অপয়ার মত নামে ডাকছেন, তাদের জন্য আমার কিছু তথ্য। মোদী সেই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি অপ্রতিরোধ্য। এমন একজন, যিনি তার পুরো জীবনে কখনো নির্বাচনে হারেননি। তিনি যা কিছু স্পর্শ করেন, তা সোনায় পরিণত হয়।

“তার শাসনে গুজরাট দ্রুত বর্ধনশীল রাজ্য হয়ে উঠেছে। এখন তো ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ছুঁয়েছে। রাজনীতিতেও এই ধরনের অযৌক্তিক বদনাম করা উচিত নয়।”

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সেই অনুষ্ঠানে ইতোমধ্যে আমন্ত্রণ পেয়েছেন কঙ্গনা।

আরও পড়ুন-

পুরনো খবর:

মোদীকে ‘অপয়া’ বলায় চটেছেন কঙ্গনা