২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

“এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 01:24 PM

Updated : 27 Sep 2026, 01:26 PM

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

তার কথায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মুক্তাদির। ফেইসবুকে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন তিনি।

রোববার এই ঘটনা নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেস অভিনেত্রী সাদিয়া আয়মান।

অভিনেত্রী লিখেছেন, “সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মানা যায় না! সালমানের মত একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন।

“এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জার! কী দুঃখজনক!”

পুলিশের ভাষ্য, হামলাকারীদের নিশানায় মুক্তাদিরের স্টুডিও ছিল না; জায়গা নিয়ে দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে।

রাতের বেলা ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে দুজন ছিলেন। এ ঘটনার বর্ণনায় তাদের একজন বলেন, ১০০-১৫০ জনের মত লোক এসে শাটারগুলো কোপানো শুরু করে।

“ওরা খুব দ্রুত ভেতরে চলে আসছে। আসার পর সবকিছু ভাঙচুর করছে। এখানে মালামাল যা ছিল সবকিছু নিয়ে নিয়ে গেছে। আর যেটা নিতে পারে নাই, সেটা ভেঙেচুরে রেখে গেছে।

“আমরা ওয়াশরুমের মধ্যে লুকায়ে ছিলাম। পরে ওইখানে দুইজন গেছে, ওদের হাতে এরকম বড় সাইজের চাপতি ছিল, গান ছিল। ওরা গিয়েই বলতেছে, ‘তোমাদের কাছে যার কাছে যা আছে, ওটা দিয়ে দাও’। ফোন নিছে, মানিব্যাগ—যার কাছে যা ছিল সবকিছুই নিয়ে গেছে। ওরা মনে করেন ছোট ছোট কাপড়ের টুকরাও রাখে নাই, সবগুলাই নিয়ে গেছে।”

ঘটনার পরে স্টুডিওতে আসা সালমান মুক্তাদির বলেন, “একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হতে পারে—এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়...

“আমি ভাবছিলাম আমার প্রতি শত্রুতা, বাট দেখলাম যে পুরা প্রজেক্টেই ওরা হামলা করছে। সো প্রজেক্ট রিলেটেড কিছুই হইছে—এতটুক আমি শিওর।”

পুরানো খবর:

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট