প্রেমিককে নিয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী
অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর ঘনিষ্ঠতা শুরু হলে সরে গিয়েছিলেন শিখর।
একটা সময়ে মেয়েদের জন্মদিনে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পূজা দিতেন বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবী; বহুকাল বাদে সেই মন্দিরে দেখা গেল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। তবে শ্রীদেবী কন্যা গিয়েছিলেন তার প্রেমিকের জন্মদিনে পূজা দিতে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে মন্দিরে দক্ষিণ ভারতীয় সাজে প্রার্থনা করছেন জাহ্নবী। তার পরনে ছিল গোলাপী-সবুজ লেহেঙ্গা।
আর জাহ্নবীর প্রেমিক শিখর পরেছিলেন ধুতি এবং লাল উত্তরীয়। তাদের সঙ্গে শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও ছিলেন।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতি শিখরের সঙ্গে জাহ্নবীর প্রেম তার বলিউডে আসার আগে থেকে। মা-বাবার সঙ্গে জাহ্নবী কোথাও বেড়াতে গেলে তাদের সঙ্গী হতেন শিখর। সেই প্রেমে চিড় ধরে জাহ্নবীর ‘ধড়ক’ সিনেমার শুটিংয়ের সময়।
সে সময় অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর ঘনিষ্ঠ মেলামেশা শুরু হলে সরে যান শিখর। এর মাঝে ঈশান বাদেও আরও কয়েকজনের নাম শোনা যায় জাহ্নবীর প্রেমিকের তালিকায়।
তবে কিছুদিন ধরে শিখরের সঙ্গে জাহ্নবীর সম্পর্ক জোড়া লাগার খবর আসছে। কখনো মালদ্বীপের সমুদ্র সৈকতে, আবার কখনও বান্দ্রার বিলাসবহুল ক্যাফেতে দেখা যাচ্ছিল তাদের।
এদিকে দক্ষিণী সিনেমা জগতে অভিষেক হতে চলেছে জাহ্নবীর। কোরাতালা শিবা পরিচালিত ‘এনটিআর ৩০’ সিনেমায় সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেধে দক্ষিণী সিমেনায় খাতা খুলছেন তিনি।
