১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারিনার সেই চুম্বন ‘বরবাদ’ করেছিল শাহিদের জীবন

ফাঁস হওয়া সেই ছবি নিয়ে এতদিনে মুখ খুললেন শাহিদ।

কারিনার সেই চুম্বন ‘বরবাদ’ করেছিল শাহিদের জীবন

শাহিদ কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 06:19 PM

Updated : 08 Jul 2023, 06:30 PM

উনিশ বছর আগে কারিনা কাপুরের সঙ্গে চুম্বনের যে ছবি ফাঁস হয়ে তাদের প্রেমকে প্রকাশ্যে এনেছিল, তাতে জীবন প্রায় ‘বরবাদ’ হতে বসেছিল শাহিদ কাপুরের।

ওই ছবি নিয়ে কারিনা একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেও এতদিন মুখে রা করেননি শাহিদ।

এই বলিউড অভিনেতা তার তখনকার বিরূপ অভিজ্ঞতা এখন তুলে ধরেছেন বলে পিংকভিলা ডটকম জানিয়েছে।

শাহিদ বলেছেন, তার ব্যক্তিগত বিষয় প্রকাশ হওয়ায় তার জীবনে শান্তি বলে আর কিছু ছিল না। এবং ওই ঘটনার জের ধরে পরবর্তীতে যা যা ঘটেছিল, তা চুপচাপ দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না তার।

বলিউডের আলোচিত প্রেমিক-প্রেমিকা শাহিদ-কারিনা। তারা যখন একে অপরের প্রেমে পড়েছিলেন, সেই সময়ে প্রভাবশালী পরিবারের সন্তান কারিনা বড় তারকা। আর শাহিদ বলিউডে মাটি খুঁজে বেড়াচ্ছেন।

২০০৪ সালে মুম্বাইয়ে একটি নাইট ক্লাবে কারিনা-শাহিদের চুম্বনের মুহূর্ত ধরা পড়ে আলোকচিত্রীদের ক্যামেরায়। পরদিন সকালে ভারতের এক সংবাদপত্রে বড় করে সেই ছবি প্রকাশ হয়।

শাহিদ বলেন, “জানেন আমার বয়স কত ছিল? মাত্র ২৪। ওই বয়সে যখন ঘটনাটি ঘটল, মানে ছবিটা যখন ফাঁস হল, বুঝতে পারলাম আমার ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত রইল না। এবং ব্যক্তিগত ব্যাপারটি রক্ষার করার জন্য ওই তরুণ বয়সে আমি কিছুই করতে পারিনি। যে রাগ এবং ক্ষত আমার এখনও আছে। এক কথায় আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময়ে।“

এখন বিষয়টি কেমনভাবে দেখেন জানতে চাইলে শাহিদ বলেন, “রাগ হয় মনে হলে। কিন্ত এও মনে হয় মানুষের জীবনে প্রেমের সময়ে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই। মানুষ পিছে লেগেই থাকে আসলে।”

ওই ছবিতে হইচই পড়ে গিয়েছিল বলিউড পাড়ায় এবং শাহিদ ও কারিনার পরিবারেও। তবে শাহিদ চুপ করে থাকলেও কারিনা কাপুর সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছিলেন।

Image

কারিনা কাপুর ও শাহিদ কাপুর।

সেসময় সংবাদপত্রের সম্পাদক পাল্টা জবাবে জানিয়েছিলেন, ছবিটি কোনো ‘অশালীন অর্থ বহন করে না’।

ওই ঘটনার পর ২০০৭ সালে শাহিদ-কারিনার জীবন পাল্টে দেয় ‘জব উই মেট’ সিনেমা। ওই সিনেমার শুটিং চলার সময়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিচ্ছেদের পরও সিনেমা শেষ করেছেন দুজন। অবশ্য মাঝে কিছুদিন সিনেমার কাজ বন্ধ রেখে ‘ব্রেক’ নিয়েছিলেন কারিনা। পর্দায় নিয়মতি ছিলেন না শাহিদও।

তারা দুজনেই পরে নিজেদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিয়েছেন। সাইফ আলী খানকে বিয়ে করে কারিনা হয়েছেন নবাবপুত্রবধূ। আর মীরা রাজপূতকে বিয়ে করে সংসার ধর্ম পালন করছেন শাহিদ। দুজনের ঘরেই দুটি করে সন্তান আছে।