২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের প্রয়াণ দিনে টিভি আয়োজন

নজরুল প্রয়াণ দিবসে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।

নজরুলের প্রয়াণ দিনে টিভি আয়োজন

নজরুল প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে ফেরদৌস আরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 06:38 PM

Updated : 26 Aug 2022, 06:39 PM

জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস শনিবার। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

বিটিভি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলম প্রমুখ।

বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’ প্রচারিত হবে সকাল ৯টায়। সংগীত, আলোচনা ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা’ প্রচারিত হবে সকাল ১০ টা ১০ মিনিটে।

বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’ প্রচারিত হবে বিকাল ৫টা ৩৫ মিনিটে।

চ্যানেল আই

নজরুলের প্রয়াণ দিবসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।

শুক্রবার রাত ১টায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘তৃতীয় মাত্রা’ প্রচারের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হবে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে। অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা ও শিল্পী খায়রুল আনাম শাকিল।

শনিবার সকাল সাড়ে ৭টায় রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিট প্রচারিত হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ইজাজ খান স্বপনের পরিচালনায় একক সংগীতানুষ্ঠান। গান শোনাবেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।

রাত ১০টায় প্রচার হবে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ১০০ বছরপূর্তি উপলক্ষে একটি তথ্যচিত্র। কলকাতার ৩/৪- সিতালতলা লেনের যে ঘরটিতে বসে ‘বিদ্রোহী’ কবিতা রচনা করেছিলেন নজরুল, সেই স্থানে এ তথ্যচিত্র ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু।

রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে নজরুল’।

রোববার বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘মেহের নিগার’। পরিচালনা করেছেন মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান, প্রবীর মিত্র, রিনা খান, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও নাসরিন।

Image

মাছরাঙা টিভিতে নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচারিত হবে।

মাছরাঙা টেলিভিশন

শনিবার সকাল ৭টায় মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুল সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।

নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচারিত হবে রাত ৮টা ৩০ মিনিটে। রুশো রকিবের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শর্মী মালা, শাহাদাত, নাজিরা মৌ ।

রাত সাড়ে ১০টায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল। সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

আরটিভি

নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘মেহের নিগার’ প্রচার হবে আরটিভিতে । কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন শ্রাবনী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান। অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার। নাটকটি প্রচারিত হবে শনিবার বিকাল ৫টায়।

বিকাল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে তথ্যচিত্র ‘তবু আমারে দেব না ভুলিতে’। গ্রন্থনা ও নির্মাণ করেছেন সুজন আহমেদ। এ তথ্যচিত্রে কাজী নজরুল ইসলামের শৈশব, শিক্ষাজীবন, সাহিত্যজীবন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সংগীতজীবনসহ সমগ্র জীবনচর্চা তুলে ধরা হয়েছে।

Image

‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ প্রচার হবে এটিএন বাংলায়

এটিএন বাংলা

নজরুলের প্রয়াণ দিবসে এটিএন বাংলার বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ প্রচারিত হবে শনিবার। তানভীর আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন লানা খান।

সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা ও তানভীর আলম সজীব। গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতার ফাঁকে গান পরিবেশন করবেন শিল্পীরা। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টা ৫০ মিনিটে।