২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ নিয়েও অনুষ্ঠানে অনুপস্থিত এ আর রহমান, অভিযোগ আয়োজকদের

ভারতের চিকিৎসকদের একটি সংগঠন বলছে, এ আর রহমান অগ্রিম টাকা নিয়ে তাদের অনুষ্ঠানে যোগ দেননি।

গ্লিটজ ডেস্ক

Published : 05 Oct 2023, 07:35 PM

Updated : 05 Oct 2023, 07:35 PM

গত মাসে চেন্নাইয়ে এ আর রহমানের কনসার্টে বিশৃঙ্খলার কারণে বহু শ্রোতা-অনুরাগী দুর্ভোগের শিকার হয়েছিলেন। সেই সময় অভিযোগের ভার বইতে হয়েছিল রহমানকেও। তার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে অস্কারজয়ী সুরকার। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া’। সংগঠনটির দাবি, ২০১৮ সালে তাদের ৭৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য অগ্রিম ২৯ লাখ ৫০ হাজার রুপি নিয়েছিলেন সুরকার, কিন্তু সেখানে উপস্থিত হননি। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রহমান। পাল্টা মানহানির মামলা করে চিকিৎসকদের সংগঠনের থেকে ১০ কোটি রুপি দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন।  

রহমানের পক্ষ থেকে তার উকিল নর্মদা সম্পাথ নোটিসে বলেছেন, জনসমক্ষে রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন মনগড়া অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন। 

তাই ১৫ দিনের মধ্যেই জনসমক্ষে রহমানের কাছে ক্ষমা চেয়ে চিকিৎসক সংগঠনকে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে

https://www.facebook.com/bdnews24/posts/pfbid0iqfM6wVQ8ixEWGGd4QpLsc6uKKPBrt4egFVcvA9t5QUvih8HtZp4PXdt4bs3TwXml]