১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গান ও আলোচনায় উদযাপিত হল রবীন্দ্রনাথের 'ফরাসি সংযোগ'

গানের ফাঁকে উঠে আসে ফ্রান্সের শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে বিশ্বকবির যোগাযোগ এবং কবির সৃজনশীলতায় ইউরোপীয় সংস্কৃতির প্রভাবের গল্প।

গান ও আলোচনায় উদযাপিত হল রবীন্দ্রনাথের 'ফরাসি সংযোগ'

'রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ - রবীন্দ্রসংগীতের এক সন্ধ্যা' অনুষ্ঠানের গান পরিবেশন করছেন সঞ্চিতা রাখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:27 PM

Updated : 19 Sep 2026, 01:27 PM

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজনীন শিল্পভাবনা এবং ফরাসি সাহিত্য-সংস্কৃতির সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে গান ও আলোচনার এক বিশেষ সন্ধ্যায়।

রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজের ‘অডিটোরিয়াম নুভেল ভাগ’-এ আয়োজন করা হয় 'রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ - রবীন্দ্রসংগীতের এক সন্ধ্যা'।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সঞ্চিতা রাখী। শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া এ শিল্পীর কণ্ঠে শোনা যায় রবীন্দ্রনাথের বিভিন্ন গান।

গানের ফাঁকে ফাঁকে উঠে আসে ফ্রান্সের শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে বিশ্বকবির যোগাযোগ এবং কবির সৃজনশীলতায় ইউরোপীয় সংস্কৃতির প্রভাবের নানান গল্প।

যন্ত্রসংগীতে সঞ্চিতা রাখীকে সহযোগিতা করেন এসরাজে আশিকুল আবির, তবলায় গৌতম কুমার সরকার, কিবোর্ডে কৌশিক আহমেদ অন্তর এবং গিটারে মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শস্ত্রোর পরিবেশনা। তিনি কবিগুরুর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ থেকে কবিতা আবৃত্তি করেন।

কবির ফ্রান্স সফর ও ফরাসি সাহিত্যিকদের সঙ্গে তার যোগাযোগের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরে ফ্রাঁসোয়া শস্ত্রো বলেন, "ফ্রান্সের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। সে সময় শিল্পের রাজধানী হিসেবে খ্যাত প্যারিসে তিনি এমন অনেক ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিলেন, যা তার বহুমাত্রিক শিল্পী হিসেবে বিকাশে ভূমিকা রেখেছিল। এই সাংস্কৃতিক সংযোগের সমৃদ্ধি উদযাপনেই আমাদের এ আয়োজন।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধ্রুব জ্যোতি। পাশাপাশি তিনি আলোচনা ও পরিবেশনায় অংশ নেন।