২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান উৎসবে এবার পেখম খুলল আফ্রিকা

আফ্রিকার এত সিনেমা এর আগে কখনও কানে আসেনি।

কান উৎসবে এবার পেখম খুলল আফ্রিকা

আফ্রিকার সিনেমা মাতাচ্ছে এবার কান চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2023, 02:25 PM

Updated : 23 May 2023, 02:25 PM

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরটি আফ্রিকার সিনেমার জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবারের আসরে এই মহাদেশের এত বেশি সিনেমা ও নির্মাতারা রয়েছে, যা আগে কখনোই হয়নি।

সিএনএন লিখেছে, তিউনিসিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো, সুদান ও ক্যামেরুনের মতো দেশের সিনেমা প্রদর্শনের পাশাপাশি মালির চলচ্চিত্র নির্মাতা ও লেখক সুলেইমানে সিসের মতো ব্যক্তিত্বকে স্বীকৃতি জানানো হয়েছে এবারের উৎসবে।

বুধবার সুইলেইমানে সিসেকে চলচ্চিত্রে অবদানের জন্য এ বছরের কারোসে দ’অর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।

এ বছরের কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’অরের জন্য যে সিনেমাগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে একটি ফরাসি-সেনেগালি পরিচালক রামাতা-তোলায়ে সি নির্মিত ‘বানেল অ্যান্ড আদামা’। এটা রামাতা-তোলায়ের প্রথম চলচ্চিত্র।

গত শনিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রথম প্রদর্শন করা হয় ‘বানেল অ্যান্ড আদামা’ এবং এই সিনেমাটি একটি সারপ্রাইজ হিসেবে পাম দ’অরের জন্য নির্বাচিত হয়েছে।

Image

কান চলচ্চিত্র উৎসবে এখন সারা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের পুরোধারা

রামাতা-তোলায়ে সি কান আসরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমার কাছে, আফ্রিকার গল্প বলা অনেক বেশি গুরুত্ব রাখে, কারণ এই মহাদেশকে এখনকার তুলনায় আরও বেশি দেখা ও স্বীকৃতি দেওয়া উচিৎ, আরও বেশি সার্বজনীন ও ভিন্নধর্মী গল্পের মাধ্যমে - শুধু মহাদেশটি কত গরিব, কতটা যুদ্ধ-বিধ্বস্ত, সন্ত্রাস কবলিত - সেগুলো বলে নয়।”

তিনি বলেন, “কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে-তে নিজের সিনেমার প্রিমিয়ার যেন একটি স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো ঘটনা।”

এবারের কান উৎসবে জায়গা পাওয়া আফ্রিকার চলচ্চিত্রগুলোর মধ্যে আছে -

  • ফরাসি-সেনেগালি নির্মাতা রামাতা-তোলায়ে সি নির্মিত ‘বানেল অ্যান্ড আদামা’

  • ফরাসি-আলজেরীয় নির্মাতা এলিয়াস বেলকেদারের ‘ওমর লা ফ্রাসি’

  • তিউনিশিয়ার নির্মাতা কাথর বেন হানিয়ার ‘লেস ফিলেস দি ওলফা’ (ফোর ডটারস)

  • ব্রাজিলীয়-আলজেরীয় নির্মাতা কারিম আইনোজ নির্মিত ‘ফায়ারব্র্যান্ড’

  • মরক্কোর ফাউজি বেনসাইদি নির্মিত ‘দেসার্তস’

  • ফরাসি-আলজেরীয় নির্মাতা মোনা আচাচের ‘লিটল গার্ল ব্লু’

  • মরক্কোর কামাল লাজরাক নির্মিত ‘লেস মুয়েতেস’ (দ্য হাউনডস)

  • মরক্কোর নির্মাতা আসমায়ে এল মোদির নির্মিত ‘কাদিব আবইয়াদ’ (দ্য মাদার অব অল লাইজ)

  • সুদানের নির্মাতা মোহামেদ কোরদোফানি নির্মিত ‘গুডবাই জুলিয়া’

  • ক্যামেরুনের নির্মাতা রোসিনে এমবাকাম নির্মিত ‘মামবার পিয়েরেত্তে’

এছাড়া এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ব্রিটিশ-জাম্বিয়ান পরিচালক রুনগানো নিওনি এবং মরক্কোর পরিচালক ও অভিনয় শিল্পী মরিয়ম তোজানি।