রাণবীরের ‘রামায়ণ’, ফের বিতর্ক
“শ্রীরামকে সালমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত বানিয়ে দেওয়া হয়েছে।”
বলিউডের পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ফের সমালেচনা করেছেন অভিনেতা পরিচালক প্রযোজন মুকেশ খন্না। এ বার সিনেমায় রামের যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন প্রবীণ অভিনেতা।
তার কথায়, রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসাবে দেখানোর বদলে অনেকটাই প্রচলিত ‘অ্যাকশন হিরো’র আদলে পর্দায় তুলে ধরা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এক সাক্ষাৎকারে সিনেমার টিজার নিয়ে কথা বলেন মুকেশ। একটি বিশেষ দৃশ্যের কথা বলেন তিনি। যেখানে যেখানে রামকে গাছে উঠে তির ছুড়তে দেখা যায়।
মুকেশের মতে, রামায়ণ পড়ে এবং বছরের পর বছর রামলীলা দেখে রামের যে ছবি তার মনে তৈরি হয়েছে, এই দৃশ্য তার সঙ্গে মেলে না।
মুকেশ বলেন, “শ্রীরাম ধনুর্ধর ছিলেন ঠিকই। তিনি ভগবানের অবতার। কিন্তু যে ভাবে যুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে, শ্রীরাম গাছের উপরে উঠে তির ছুড়ছেন, এমনটা তো কখনও দেখিনি। এত রামায়ণ পড়েছি, রামলীলা দেখেছি। শ্রীরামকে সালমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত বানিয়ে দেওয়া হয়েছে।”
তার কথায়, “শ্রীরামকে যদি মর্যাদা পুরুষোত্তমের বদলে শুধু যোদ্ধা হিসাবে দেখানো হয়, তা হলে আপত্তি আছে। যদি এভাবেই যুদ্ধ করতেন, তা হলে বানরসেনার সাহায্যই বা কেন প্রয়োজন হয়েছিল?”
গেল এপ্রিলে আসে এই সিনেমার টিজার। পরিচালক নিতেশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তার সাত বছর সময় লেগেছে।
তিওয়ারি বলেন, “এই যাত্রা খুবই অনিশ্চিত ও একাকী। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অপেক্ষাটা সার্থক হয়েছে।”
এর আগে লস অ্যাঞ্জেলসে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে রাণবীর কাপুর বলেছিলেন, “আমি ‘রাম’কে প্রতিনিধিত্ব করতে আসিনি, বরং তার কাছ থেকে শেখার জন্য এসেছি। তার সরলতা ও পবিত্রতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”
পরিচালকেরও ভাষ্য ‘রামের যাত্রা ভীষণ মানবিক’ তারা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছেন।
এই সিনেমায় বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী—‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
