‘ছোটবাবুকে’ চঞ্চলের শুভেচ্ছা, এক ফ্রেমে তিনজন
জন্মদিনে প্রকাশ হয়েছে অনির্বাণের পরিচালনায় নতুন সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান ‘সাজো সাজাও’।
ছোটবেলায় ভেবেছিলেন ফুটবলার হবেন; পরে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে জাগে। কিন্তু সেসবের কিছুই হননি। মঞ্চনাটক দিয়ে শুরু, তারপর সিনেমায়; কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন ছিল শুক্রবার।
শনিবার ফেইসবুকে একটি ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ছবিতে দেখা গেল আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকেও।
চঞ্চল চৌধুরী লিখেছেন, “শুভ জন্মদিন ‘ছোটবাবু’। কয়েকদিন আগে কলকাতায় ‘হইচই’ এর অনুষ্ঠানে এরকম অনেক ছবি তোলা হয়েছিল। এই ছবিটা খুঁজে পেতে একটু সময় লাগল, এই আর কি।”
অনির্বাণ কেন ছোটবাবু? এর উত্তর ওই পোস্টেই দিয়েছেন চঞ্চল।
“অনির্বাণ আমাকে ‘বড়বাবু’ ডাকে, আর আমি ওকে ডাকি ‘ছোটবাবু’। এই ছবিতে মোশারফ করিমের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। বন্ধু মোশা’র জন্যও শুভ কামনা।”
জন্মদিনে প্রকাশ হয়েছে অনির্বাণের পরিচালনায় নতুন সিনেমা ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান ‘সাজো সাজাও’। কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ী। সংগীতায়োজন করেছেন দেবরাজ ও শুভদীপ।
গান প্রকাশ উপলক্ষে প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন অনির্বাণ।
বাদল সরকারের জনপ্রিয় ‘বল্লভপুরের রূপকথা’ নাটকের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় দেখা যাবে নতুন জুটি সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। ২১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এ সিনেমা।
২০১০ সাল থেকে মঞ্চে অভিনয় করে চলেছেন অনির্বাণ। অভিনয় করেছেন ‘রাজা লিয়ার’, ‘দেবী সর্পমস্তা’, ‘বিসর্জন’, ‘অ্যান্টনি সৌদামিনী’, ‘ট্রয়’, ‘নাগমণ্ডলা’, ‘মেফিস্টো’, ‘যারা আগুন লাগায়’, ‘ছায়াবাজি’সহ অনেকে নাটকে।
মিনার্ভা রেপার্টরিতে ‘রাজা লিয়ার’ নাটকের নাম ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১০ সালে শিক্ষানবীশ হিসেবে অনেকের সাথে অভিনয় করার সুযোগ পান অনির্বাণ। নাটকটিতে এডমন্ড চরিত্রে অভিনয়ের পাশাপাশি নেপথ্যশিল্পী হিসেবেও কাজ করেন। সেদিন গ্রীনরুমে ডেকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন সৌমিত্র। বলেছিলেন বেশি করে কবিতা পড়তে। এখনো সৌমিত্রের সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করেন তিনি।
