প্রাক্তনের সঙ্গে ফের এক সিনেমায় রণবীর?
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সিক্যুয়েল আসতে পারে, আভাস দিয়েছেন এ নায়ক।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নামের যে সিনেমা দিয়ে পরস্পরের কাছে এসেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন, সেই সিনেমার সিক্যুয়েল আসার খবরে ফের দুজনকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পায় ২০১৩ সালে। নির্মাতা অয়ন মুখার্জি তার সিনেমায় বানি, নয়না, আদি আর অভি– এই চারবন্ধুকে নিয়ে যান ঘরের বাইরে খোলা দুনিয়ায়। পাহাড়ে বেড়াতে যাওয়া চারজন নানা ঘটনার মধ্যে পড়েন, তাদের সম্পর্কের গাঁথুনি শক্ত হয়।
গান-সংলাপ আর দৃশ্যায়নে দারুণ জনপ্রিয় ওই সিনেমায় দীপিকা ছিলেন নয়না আর রণবীর বানি চরিত্রটি করেছিলেন। শোনা যায়, দুজনের প্রেমের শুরও সে সময়।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে টুইটারে রণবীরের কাছে এক ভক্তের প্রশ্ন ছিল ‘ব্রহ্মাস্ত্র’ বাদে নিজের আরও কোনো সিনেমার সিক্যুয়েল নিয়ে তিনি ভাবছেন কি না।
সে সময় রণবীর জানান ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার কথা।
“আমাদের পরিকল্পনা ছিল ‘ব্রহ্মাস্ত্র’ শেষ করার পরপরই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নিয়ে কাজ করব। অয়ন সিক্যুয়েলে দারুণ গল্পও শুনিয়েছিলেন। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ শেষ করতে এতটা সময় লেগে গেল যে আর কিছু করা হয়নি। আমি এখনও আগ্রহী।‘
সিনেমার দ্বিতীয় পর্ব কেমন হতে পারে– এমন প্রশ্নে রণবীর বলেন, “অবশ্যই চার বন্ধুর এই সময়ের জীবন প্রাধান্য পাবে। ১০ বছরে বানি, নয়না, আদি আর অভি কে কেমন আছে, কতটা বদল এসেছে তাদের জীবনে, অয়ন তেমনই ভেবেছিলেন।”
অয়ন মুখার্জি অবশ্য তার সিনেমার সিক্যুয়েল নির্মাণ নিয়ে এখনও কিছু জানাননি।
এরপর সোশাল মিডিয়ায় আলোচনায় চলে আসে এক সময়ের ‘প্রেমিক-প্রেমিকা’ দীপিকা ও রণবীর। অনেকের কৌতুহল জেগেছে প্রাক্তনের সঙ্গে রণবীর সিনেমা করলে আলিয়া ভালোভাবে নেবেন কি না।
রণবীরকে আলিয়া বিয়ে করেছেন গত বছর, আর বিয়ের বছরেই কন্যা সন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।
অন্যদিকে দীপিকা এবং রণবীর সিংও সংসার করছেন। মাঝে এই জুটির সম্পর্কে ‘ফাটল’ নিয়ে গুঞ্জন তৈরি হলেও দুজনের কেউ মুখ খোলেননি।
