১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতা উৎসবে বাংলাদেশের ৩ চলচ্চিত্র

সিনেমা তিনটি হচ্ছে পাতাল ঘর, সাঁতাও ও নোনা পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 06:34 PM

Updated : 20 Aug 2023, 06:34 PM

পশ্চিমবঙ্গে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র।

কলকাতার নন্দন ফিল্ম সেন্টারে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল'র দ্বিতীয় আসর। পূর্বাঞ্চলীয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া এই উৎসবের আয়োজক।

উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র মনোনীত হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, যার সাঁতাও সিনেমা মনোনীত একটি।

‘সাঁতাও' ছাড়াও নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’ এই উৎসবে যাচ্ছে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান প্রেমেন্দ্র মজুমদারও বাংলাদেশের এই তিনটি সিনেমা মনোনীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমন বলেন, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত পূর্বাঞ্চলীয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র আয়োজনে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতার এটি দ্বিতীয় সংস্করণ।

“এমন একটি আয়োজনে বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।”