Published : 19 Jan 2024, 04:37 PM
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’র পর এবার ‘হ্যামলেট’ এর বাংলা নাট্যরূপ ‘হেমলাট: দ্য় প্রিন্স অফ গরাণহাটা’ নিয়ে আসছেন কলকাতার পরিচালক রাজর্ষি দে।
সিনেমাটিতে হ্যামলেটের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, ওফেলিয়ার ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে।
রাজা ক্লদিয়াস অর্থাৎ হ্যামলেটের চাচার চরিত্রে থাকছেন কৌশিক গাঙ্গুলী।
এর আগে ‘হেমলাট: দ্য় প্রিন্স অফ গরাণহাটা’কে মঞ্চে তুলে ধরেছেন বাঙালি নাট্যকার ব্রাত্য বসু। নাটকটির নাট্যরূপও তিনিই দিয়েছেন।
উত্তর কলকাতার প্রেক্ষাপটে সিনেমাটি বানাবেন বলে রাজর্ষি জানান। নির্মাতা শীতের কলকাতাকে পর্দায় তুলে ধরতে চান বলে ডিসেম্বরেই শ্যুটিং শুরু পরিকল্পনা করেছেন।
রাজর্ষির ভাষ্যে, “আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, শুধু মাত্র নির্মাতাদের সঙ্গে ব্রাত্য দার নাটক সমগ্রর প্রকাশকের চুক্তি সই হওয়া বাকি রয়েছে।”
নির্মাতা ইতোমধ্যেই ঋত্বিক, শ্রাবন্তী, কৌশিক গাঙ্গুলীর সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা সেরে নিয়েছেন। তার পছন্দের তালিকায় রয়েছে আরও কজন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী।
এর আগেও ঋত্বিক-শ্রাবন্তীর জুটি নজর কেড়েছে দর্শকের। ২০১৯ সালে অভিমন্যু মুখোপাধ্যায়ের টেকো-তে একসঙ্গে কাজ করেন এই জুটি।
সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)