১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজপাল যাদবের পাশে অভিনেতা সোনু, জেজেডি নেতা

রাজপাল যাদবের প্রতি সমর্থন জানিয়েছেন আরেক বলিউড অভিনেতা সোনু সুদ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ঋণ জটিলতায় কারাগারে যাওয়া বলিউডের কৌতুক অভিনেতা রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনশক্তি জনতা দলের (জেজেডি) প্রধান তেজ প্রতাপ যাদব। 

অভিনেতা ও তার পরিবারের আর্থিক এবং আইনি সঙ্কটের বিষয়টি জানার পর তাকে ১১ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তেজ প্রতাপ।   

টাইম অব ইন্ডিয়ার খবর, রাজপাল যাদবের সঙ্কটের বিষয়টি নিয়ে তেজ প্রতাপের বড় ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এরপরই তিনি বিষয়টি জানতে পারেন। 

কাগারে থাকা অভিনেতা ও তার পরিবারের প্রতি সংহতি জানিয়ে জেজেডি নেতা বলেছেন, মানবিক কারণে তিনি এই সহায়তার হাত বাড়িয়েছেন। 

এক্স-পোস্টে তিনি বলেছেন, “আমার বড় ভাই রাও ইন্দ্রজিৎ যাদবের পোস্টের মাধ্যমে আমি শ্রদ্ধেয় রাজপাল যাদবের পরিবারের কষ্টের বিষয়ে জানতে পারি। এই কঠিন সময়ে আমি এবং পুরো জেজেডি (জনশক্তি জনতা দল) পরিবার শোকার্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করছি।”  

দেড় দশকের বেশি সময় আগে আগে নেওয়া একটি ঋণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় শেষ পর্যন্ত তিহার জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা রাজপাল যাদব। 

তিনি এখন দিল্লির তিহার জেলে সাজাভোগ করছেন। তার সাজার মেয়াদ ছয় মাস।

আর্থিক সংকটের সূত্রপাত হয় ২০১০ সালে। যাদব তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান 'মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড' থেকে পাঁচ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। দুই বছর পর ২০১২ সালে সিনেমাটি মুক্তির পর তেমন ব্যবসা করতে পারেনি। তখন সেই ঋণ পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয় এবং বিষয়টি আদালতে গড়ায়।

দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদব ও তার স্ত্রী রাধাকে 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের' ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে।

পরে ২০১৯ সালে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজপাল দায়রা আদালতে রিভিশন আবেদন করেন, যা পরবর্তীতে দিল্লি হাই কোর্টে ওঠে।

দীর্ঘ সময় ধরে মামলাটি চলার পর ২০২৪ সালের জুনে হাই কোর্ট সাময়িকভাবে অভিনেতার সাজা স্থগিত করে এবং স্পষ্টভাবে জানায় যে বকেয়া পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ দেখাতে হবে।

এই সময়ের মধ্যে সুদ-জরিমানা যোগ হয়ে ৫ কোটি রুপি থেকে ঋণের অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়।

২০২৫ সালের অক্টোবর মাসে যাদব দুই দফায় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৭৫ লাখ রুপি জমা দেন। সেসময় আদালত লক্ষ্য করে, বকেয়ার বড় অংশ তখনও অপরিশোধিত রয়েছে।

এরপর গত বছরের ডিসেম্বরে ৪০ লাখ এবং জানুয়ারিতে ২ কোটি রুপি দেওয়ার কথা থাকলেও যাদব তা দেননি।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

গত ৪ ফেব্রুয়ারি যাদব এক সপ্তাহের সময় চেয়ে ‘মার্সি প্লি’ বা শেষ মুহূর্তের সাজা মওকুফের আবেদন করেন, আদালত তা খারিজ করে দেন।

গত ৫ ফেব্রুয়ারি আদালতে শেষবার হাজির হয়ে রাজপাল যাদবের আইনজীবী নতুন করে ২৫ লাখ রুপির একটি চেক ও নতুন পরিশোধ সূচি উপস্থাপন করেন। তবে আদালত আত্মসমর্পণের আদেশ প্রত্যাহার করেননি।

এরপর ওই দিন বিকেল ৪টার দিকে যাদব তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

অভিনেতাকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে জেজেডি নেতা তেজ প্রতাপ বলেন, “মানবিক সহানুভূতি এবং সমর্থনের মনোভাব নিয়ে জেজেডি পরিবারের পক্ষ থেকে আমি তার পরিবারকে ১১ লাখ রুপি আর্থিক সহায়তা দিচ্ছি।”

আত্মসমর্পণের আগে রাজপাল যাদব বলেছিলেন, তার পাওনা পরিশোধ করার মতো আর্থিক সামর্থ্য নেই। সহকর্মীদের কাছ থেকে সাহায্য চেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "সবাই যার যার মতোই আছে”

এদিকে, রাজপাল যাদবের আত্মসমর্পণের পর তার প্রতি সমর্থন জানিয়েছেন আরেক বলিউড অভিনেতা সোনু সুদ। চলচ্চিত্র জগতের সদস্যদের রাজপালের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। 

সোনু সুদ বলেছেন, রাজপাল তার আসন্ন ছবিতে থাকছেন এবং এজন্য সাইনিং মানিও পাবেন।

এক্স একটি পোস্টে সোনু সুদ লিখেছেন, “রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা যিনি আমাদের শিল্পকে বছরের পর বছর অবিস্মরণীয় কাজ উপহার দিয়েছেন। কখনও কখনও জীবন ঠিক পথে চলে না। প্রতিভার কারণে নয়, বরং সময় নির্মম হতে পারে। তিনি আমার সিনেমায় থাকবেন এবং আমি বিশ্বাস করি এটি আমাদের সকলের জন্য... প্রযোজক, পরিচালক, সহকর্মীদের একসাথে দাঁড়ানোর মুহূর্ত।”

সহকর্মীর দুঃসময়ে তার পাশে দাঁড়ানোয় সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন সোনু। 

বলিউডের অভিনেতা রাজপাল যাদব কেন কারাগারে