Published : 15 Feb 2026, 03:52 PM
কলকাতার নির্মাতা-অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শেকড়’ নামের যে সিনেমাটি করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, সেই সিনেমার দুইটি গানে কণ্ঠও দিয়েছেন চঞ্চল।
এর মাধ্যমে এবারই প্রথম প্লেব্যাকে পাওয়া যাবে চঞ্চলকে।
সিনেমার জন্য দুইটি বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ফেইসবুকে স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চলের গানের অনুশীলনের দুইটি ছবি পোস্ট করেছে।
ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "‘শেকড়' হল ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।"
এর আগে সিনেমার ডাবিংয়ের শেষ করে একটি ছবি পোস্ট করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছিল, “'শেকড়' সিনেমার ডাবিং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে, আর মাইকের পেছনে শক্তিশালী অভিনয়ের জাদু নিয়ে ছিলেন চঞ্চল। ব্রাত্য বসুর নির্দেশনায় এই প্রজেক্টটি হয়ে উঠছে সত্যিই বিশেষ কিছু।"
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুইটি গল্প নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বানানো হয়েছে 'শেকড়' সিনেমা। বাবা-ছেলের এই সিনেমায়, ছেলের চরিত্রে কাজ করেছেন চঞ্চল; আর তার বাবার ভূমিকায় লোকনাথ দে অভিনয় করেছেন। একটি বিশেষ চরিত্রে আছেন সীমা বিশ্বাস।
এছাড়া ঋদ্ধি সেন, অনুজয় চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, জয়তী চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্যসহ আরো অনেকে অভিনয় করেছেন।
তবে আরও চমক বলো ব্রাত্য তার সিনেমায় পশ্চিমবঙ্গের দুই রাজনীতিককে কাজে নিয়েছেন। তারা হলেন কুণাল ঘোষ ও নারায়ণ গোস্বামী।
ব্রাত্যর পরিচালনায় চঞ্চল এই প্রথমবার কাজ করছেন।

সিনেমার দৃশ্যধারণের সময় আনন্দবাজারকে চঞ্চল বলেছিলেন, তার চরিত্রের নাম ইন্দ্র, যিনি কাজ করেন কারখানায়। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন।
“আমি এই ব্যাপারটা বুঝতে পারি। কারণ আমার বাবারও এই সমস্যা ছিল। তিনি ভুলে যেতেন বহুকিছু।”
সিনেমাটি নিয়ে ব্রাত্য বলেন, “সিনেমায় বাবা-ছেলের সম্পর্ক ফোকাসে। বৃদ্ধ, বিস্মৃতিপরায়ণ বাবার প্রতি সাংঘাতিক টান ছেলের। সম্পর্কের শিকড়ে ফেরার কথা বলবে এই সিনেমা। সমাজে যে ধরনের জাহির করার প্রবণতা, এগুলো তো ঠিক মানুষের নয়।
"মানুষকে শিকড়ে ফিরতে হবে। মানবিকতা, ভালোবাসা, প্রেমের শিকড় হতে পারে। যে সব অনুভূতি ক্ষয়ে গেছে, সেই সব কথা বলবে এই সিনেমা। এটাকে প্রেমের গল্পও বলা যায়। রাজনীতিও তার অংশ, কিন্তু ডমিনেটিং নয়।”

ভারত-বাংলাদেশ মৈত্রীর বন্ধন শক্ত করতে চলচ্চিত্র কী ভূমিকা নিতে পারে জানতে চাইলে চঞ্চল বলেন, “বাংলা ভাষায় অভিনয় করি, বাঙালি দর্শকের জন্য অভিনয় করি, সেখানে রাজনীতি কোনো বাধা নয়, আমার মনে হয় না। কারণ, বাংলাদেশ-পশ্চিমবঙ্গের যে কোনও অভিনেতা বলি, কি সংগীতশিল্পী বলি, তাদের কাজ সারা পৃথিবীর দর্শক দেখেন, সেখানে মনে হয় না রাজনীতির কোনও ঠাঁই আছে।”
ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘শেকড়’ চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন:শান্তিনিকেতনে 'শেকড়ের' শুটিং করলেন চঞ্চল