Published : 01 Nov 2025, 10:52 PM
অভিনেতা চঞ্চল চৌধুরীর আগামী কাজ কোনটি? সেই খবর জানতে অপেক্ষা ফুরিয়েছে।
কলকাতার নির্মাতা-অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শেকড়’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের বোলপুর স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে মোহনপুর গ্রামে হয়েছে এই সিনেমার দৃশ্য ধারণের কাজ।
সেই শুটিং সেট থেকে কয়েকটি ছবি প্রকাশ করে কলকাতার দৈনিক আনন্দবাজার লিখেছে ব্রাত্য বসু ‘হুব্বা’র মত পলিটিক্যাল থ্রিলারের পর হাত দিয়েছেন সামাজিক গল্পের চলচ্চিত্রে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সিনেমা বানানো হচ্ছে। বাবা-ছেলের এই সিনেমায়, ছেলের চরিত্রে কাজ করছেন চঞ্চল; আর তার বাবার ভূমিকায় লোকনাথ দে অভিনয় করেছেন। একটি বিশেষ চরিত্রে আছেন সীমা বিশ্বাস।

এছাড়া রয়েছেন ঋদ্ধি সেন, অনুজয় চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, জয়তী চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্যসহ আরো অনেকে।
তবে আরও চমক বলো ব্রাত্য বসু তার সিনেমায় দুই রাজনীতিককে কাজে নিয়েছেন। তারা হলেন কুণাল ঘোষ ও নারায়ণ গোস্বামী। তবে তাদের অংশের দৃশ্যধারণের কাজ আরো পরে করা হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।
ব্রাত্য বসুর পরিচালনায় চঞ্চল এই প্রথমবার কাজ করছেন।
চঞ্চল বলেন, তার চরিত্রের নাম ইন্দ্র, যিনি কাজ করেন কারখানায়। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন।
“আমি এই ব্যাপারটা বুঝতে পারি। কারণ আমার বাবারও এই সমস্যা ছিল। তিনি ভুলে যেতেন বহুকিছু।”

ব্রাত্য বলেন, “শান্তিনিকেতন-বোলপুর খুব শুটিং ফ্রেন্ডলি। সিনেমায় বাবা-ছেলের সম্পর্ক ফোকাসে। বৃদ্ধ, বিস্মৃতিপরায়ণ বাবার প্রতি সাংঘাতিক টান ছেলের। সম্পর্কের শিকড়ে ফেরার কথা বলবে এই সিনেমা। সমাজে যে ধরনের জাহির করার প্রবণতা, এগুলো তো ঠিক মানুষের নয়। মানুষকে শিকড়ে ফিরতে হবে। মানবিকতা, ভালোবাসা, প্রেমের শিকড় হতে পারে। যে সব অনুভূতি ক্ষয়ে গেছে, সেই সব কথা বলবে এই সিনেমা। এটাকে প্রেমের গল্পও বলা যায়। রাজনীতিও তার অংশ, কিন্তু ডমিনেটিং নয়।”
ভারত-বাংলাদেশ মৈত্রীর বন্ধন শক্ত করতে চলচ্চিত্র কী ভূমিকা নিতে পারে জানতে চাইলে চঞ্চল বলেন, “বাংলা ভাষায় অভিনয় করি, বাঙালি দর্শকের জন্য অভিনয় করি, সেখানে রাজনীতি কোনো বাধা নয়, আমার মনে হয় না। কারণ, বাংলাদেশ-পশ্চিমবঙ্গের যে কোনও অভিনেতা বলি, কি সংগীতশিল্পী বলি, তাদের কাজ সারা পৃথিবীর দর্শক দেখেন, সেখানে মনে হয় না রাজনীতির কোনও ঠাঁই আছে।”
শুটিংয়ের জন্য এরপর সিনেমার টিম যাবে বেনারসে।
ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘শেকড়’ মুক্তির পরিকল্পনা মার্চ মাসে।