বিটিএসের পর গ্র্যামি বয়কটের ঘোষণা স্ট্রে কিডসের
২০২৭ সালের গ্র্যামির মনোনয়ন ঘোষণা হবে আগামী ১০ ডিসেম্বর।
গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিয়েছে কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগ চালুর ঘোষণা দেয় রেকর্ডিং অ্যাকাডেমি, এর পর গেল অগাস্টে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিএস। এবার তাদের পথেই হাঁটল স্ট্রে কিডস।
বিবিসি জানিয়েছে, এবারের গ্র্যামির জন্য স্ট্রে কিডস কোনো গান জমা দেয়নি।
স্ট্রে কিডসের এই সিদ্ধান্ত রেকর্ডিং একাডেমির জন্য অর্থ বহন করেন। যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সম্প্রতি নিউ ইয়র্কের গভর্নরস বল উৎসবে লর্ড ও এএসপি রকির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছে তারা।
এর আগে রিও ডি জেনিরোর রক ইন রিও উৎসবেও প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করেছে ব্যান্ডটি।
ব্যান্ডটির ৯টি অ্যালবাম যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টে শীর্ষস্থান দখল করেছে। চলতি বছর গ্র্যামির ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন স্ট্রে কিডসের আট সদস্যই। ফলে পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে।
তবে তীব্র বিতর্ক ও কে-পপ তারকাদের বয়কটের মুখেও ২০২৭ সালের আসরে এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগটি বহাল রাখার ঘোষণা দিয়েছে গ্র্যামি কর্তৃপক্ষ। রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভি মেসন জুনিয়র কদিন আগে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে সবার মধ্যে ঐকমত্য না থাকলেও সিদ্ধান্ত থেকে সরছে না অ্যাকাডেমি।
অ্যাকাডেমি আরও জানিয়েছে, নতুন ক্যাটাগরি হওয়া সত্ত্বেও এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগের জন্য এরই মধ্যে বিপুলসংখ্যক গান জমা পড়েছে।
এশীয় সংগীতের জন্য আলাদা বিভাগ চালুর পক্ষে যুক্তি হল, বিশ্বজুড়ে এশীয় পপের প্রভাব ও জনপ্রিয়তা অনেক বেড়েছে। রেকর্ডিং একাডেমি মনে করছে নতুন বিভাগটি সেই পরিবর্তনের প্রতিফলন।
অন্যদিকে বিরোধীদের যুক্তি হল আলাদা বিভাগ তৈরি করে এশীয় সংগীতকে মূলধারার পুরস্কার থেকে আলাদা করা হচ্ছে।
২০২৭ সালের গ্র্যামির মনোনয়ন ঘোষণা হবে আগামী ১০ ডিসেম্বর। কোন কোন এশীয় ও কে-পপ শিল্পী পুরস্কারের জন্য নিজেদের গান জমা দিয়েছেন, তা সামনে আসবে তখনই।
