Published : 13 Mar 2026, 11:30 AM
রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।
ঈদের দিন শহরের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের নতুন এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। যার মধ্যে দুইটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।"

মেসবাহ উদ্দিন আরও জানিয়েছেন, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করছে স্টার সিনেপ্লেক্স। এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে তাদের।
বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।