১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংহাইয়ে পুরস্কৃত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন সামিউল করিম সুপ্তক।

সাংহাইয়ে পুরস্কৃত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার হাতে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 10:51 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

বাংলাদেশের সিনেমা 'সাঁকোটা দুলছে' সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'এশিয়ান নিউ ট্যালেন্ট' বিভাগে সেরা সিনেমাটোগ্রাফি হিসেবে নির্বাচিত হয়েছে। 

সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।    

উৎসবের ২৮তম আসরে শনিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সুপ্তকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ ও প্রযোজক মনোজ প্রামাণিক। 

সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। উৎসবে ১৫ জুন বিশ্ব প্রিমিয়ার হয়েছে এই সিনেমার।

সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং প্রযোজনা করেছেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। এটি পরিচালক, প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘সাঁকোটা দুলছে’ নির্মিত হয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাডার ফিল্মের যৌথ উদ্যোগে।

চলচ্চিত্রটি বাংলাদেশের একটি গ্রামে বসবাস করা তিন কিশোরীর জীবনের নিয়ে এগিয়ে গিয়েছে; যারা কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখে। 

সম্পূর্ণ সাদা-কালোতে ‘সাঁকোটা দুলছে’ বানানো হয়েছে। এই সিনেমায় নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার ভেতর থেকে উঠে আসা এক কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করেছে বলে জানিয়েছেন পরিচালক। 

পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, “গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কিভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের এবং চলচ্চিত্রে প্রতিফলিত মানুষের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।” 

৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় অভিনয় করেছেন, সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান তক্তিম।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সিনেমাটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।  

এর পরে দেশের দর্শকের জন্যও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন:

সাংহাই চলচ্চিত্র উৎসব: সেরা চিত্রগ্রহণ পুরস্কার জিতল বাংলাদেশের