১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাফীর ‘প্রেশার কুকার’, এল প্রথম ঝলক

টিজার প্রকাশ করে রাফী লিখেছেন, "‘প্রেশার কুকার’ সিনেমার ‘ফার্স্ট হুইসেল’। ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ।”

রাফীর ‘প্রেশার কুকার’, এল প্রথম ঝলক
'প্রেশার কুকার' সিনেমার টিজারের দৃশ্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

‘মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই’ এই আবৃত্তির সঙ্গে রহস্যময় আবহে 'প্রেশার কুকার' সিনেমার টিজারে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।    

রায়হান রাফীর পরিচালনায় ‘প্রেশার কুকার’ সিনেমার কাহিনী নির্মিত হয়েছে চার নারীকে কেন্দ্র করে। 

সিনেমার এক মিনিট ২৬ সেকেন্ডের টিজার প্রকাশ করে রাফী লিখেছেন, "‘প্রেশার কুকার’ সিনেমার ‘ফার্স্ট হুইসেল’। ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ, ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।"

প্রকাশ হওয়া ‘ফার্স্ট হুইসেলে’ এ বেশ কিছু চরিত্র উঠে এসেছে। এর মধ্যে চার নারীর চরিত্রের কেউ পার্লারে কাজ করেন, কেউ নারী নেত্রী, কেউ মডেল, কেউ সংসারের চাপে আছেন, প্রত্যেকেই মুক্তি পেতে ছোটাছুটি করছেন। এই চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, আজিজুল হাকিম ও সাবেরী আলম।  

ভিডিওটির পুরো আবহে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তিনি আবৃত্তি করেন ছড়া ‘মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই।’ 

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে এসে চার নারীর গল্পকে কেন্দ্র করে চিত্রনাট্য সাজিয়েছেন রাফী। 

এর আগে সিনেমাটি নিয়ে রাফী বলেছিলেন, "ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে ‘প্রেশার কুকার’-এ।   

রাফীর ভাষ্য, "এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।" 

এর আগে পোস্টার প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, নিজের প্রথম প্রযোজিত এই সিনেমাটি উৎসর্গ করছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।   

রাফী বলেন, "তারেক মাসুদকে দেখেই সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমার গুরুতুল্য। তাই আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাকে উৎসর্গ করাটা বিশেষ অর্থ বহন করে।’ 

রোজার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। 

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মত সফল সিনেমা উপহার দিয়ে আলোচিত হয়েছেন নির্মাতা রাফী। 

আরও পড়ুন:

চার অভিনেত্রীকে নিয়ে রাফির 'প্রেশার কুকার', আসছে ঈদে