১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার অভিনেত্রীকে নিয়ে রাফির ‘প্রেশার কুকার’, আসছে ঈদে

নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামকে উপজীব্য করে চিত্রনাট্য তৈরি হয়েছে।

চার অভিনেত্রীকে নিয়ে রাফির ‘প্রেশার কুকার’, আসছে ঈদে
‘প্রেশার কুকার’ সিনেমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 02:36 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরতে ‘প্রেশার কুকার’ নামের সিনেমা বানিয়েছেন পরিচালক নির্মাতা রায়হান রাফী। 

সিনেমার পোস্টার প্রকাশ করে রাফি ফেইসবুকে ঘোষণা দিয়েছেন রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘প্রেশার কুকার’।

পোস্টারে অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে দেখা গেছে।  

ফেইসবুকে পোস্টারটি শেয়ার করে রাফী লিখেছেন, "এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে।" 

এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন রাফি।

‘প্রেশার কুকার’ সিনেমার কাহিনী নির্মিত হয়েছে নারীকে কেন্দ্র করে। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।

সিনেমাটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

এই সিনেমা দিয়ে প্রায় দুই যুগ পরে ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।