‘প্রধানমন্ত্রী বলেছেন, নতুন নতুন গান করতে হবে’
শেখ মনিরুল আলম টিপু বলেন, "আমিও খুব আনন্দের সঙ্গে উনাকে বলেছি, আমরা খুব শিগগিরই নতুন গান নিয়ে আসব।”
ব্যান্ড ‘ওয়ারফেজ’ থেকে আরও নতুন গান শোনার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংগীতে অবদানের জন্য বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে বৃহস্পতিবার একুশে পদক পেয়েছে 'ওয়ারফেজ'। দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু এই পদক গ্রহণ করেন।
পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল জানতে চাইলে গ্লিটজকে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হাত বাড়িয়ে দিয়ে আমাকে অভিনন্দন জানালেন এবং বললেন নতুন নতুন আরও গান করতে হবে। আমিও খুব আনন্দের সঙ্গে উনাকে বলেছি, আমরা খুব শিগগিরই নতুন গান নিয়ে আসব।”
টিপু বলেন, “আমি খুব অবাক হয়েছি তিনি আমাকে চেনেন, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। একজন সংগীতশিল্পী হিসেবে এটা নিঃসন্দেহে ভালো লাগার।”
ওয়ারফেজের এই একুশে পদক নিতে একত্রিত হয়েছিলেন ব্যান্ডের সাবেক ও বর্তমান সদস্যরা। কানাডা থেকে এসেছেন সঞ্জয় কামরান রহমান, যুক্তরাষ্ট্র থেকে বাবনা করিম ও মাসুক রহমান আর চীন থেকে এসেছেন অনি হাসান।
সবাই মিলেই হাজির হয়েছিলেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। একুশে পদক প্রাপ্তি দলের সবার জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ জানিয়ে টিপু বলেন, “এই সম্মাননা ওয়ারফেজের জন্য গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। এই অর্জনে আমরা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই সম্মান শুধু ব্যান্ডের নয়, আমাদের শ্রোতাদেরও।”
সম্মাননা গ্রহণের পর রিকশায় চেপে ফিরেছেন ব্যান্ডের সদস্যরা। সেই রিকশাযাত্রার কিছু ছবি পোস্ট করে ব্যান্ডের গিটারিস্ট ইব্রাহিম কমল লিখেছেন, “আমরা একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম।”
সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা পার করেছে ব্যান্ড ‘ওয়ারফেজ’। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙাগড়ার মধ্যেও দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি।
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।
২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লেগ্যাসি কনসার্ট ট্যুর করে।
কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত।
এই বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংস্কৃতি অঙ্গন থেকে একুশে পদক পেয়েছেন অভিনেত্রী ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, নৃত্যে অর্থী আহমেদ।
আরও পড়ুন:
