১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ারফেজের নেপথ্যের গল্প শোনাবেন টিপু

শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

ওয়ারফেজের নেপথ্যের গল্প শোনাবেন টিপু
মনিরুল আলম টিপু। মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 08:38 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা পার করেছে ব্যান্ড 'ওয়ারফেজ'। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙা-গড়ার মধ্যেও দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি।  

এবার দলটি নিয়ে অজানা গল্প শোনাবেন টিপু। দর্শক যা দেখতে পাবে মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, নব্বই দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমত চমকে দিয়েছিল ‘ওয়ারফেজ’। কিভাবে ব্যান্ডটি তৈরি হয়েছে, কখন ইংরেজি থেকে বাংলা গানে ফিরল ব্যান্ডটি, তাদের অ্যালবাম এবং জনপ্রিয় গানগুলোর সৃষ্টির পেছনের কথখা, বারবার লাইনআপে পরিবর্তনসহ নব্বই দশকে তাদের রাজসিক পথচলার গল্প শোনাবেন টিপু।  

শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির প্রযোজক এস এম হুমায়ুন কবির। পুরো আয়োজনটির গ্রন্থনায় আছেন রিয়াদ শিমুল।

চল্লিশ বছরের পথচলা ঘিরে দেশ ও বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড 'ওয়ারফেজ'।  সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে কনসার্ট করেছে দলটি।  

ওয়ারফেজের এই ট্যুর শুরু হয়েছে গত বছর থেকে। গেল বছরের ৩০ অগাস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুই মাস তারা ঘুরেছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ওয়ারফেজ’ এক মাসের সফরে অস্ট্রেলিয়ায় কনসার্ট করে দেশে ফেরে।

গেল বছর 'ওয়ারফেজ' প্রকাশ করে তাদের 'পথচলা ২' অ্যালবাম। যেই অ্যালবামের গানে পুরাতন গানগুলো ফিরছে নতুনভাবে। এর মধ্যে প্রকাশ পেয়েছে 'অন্ধ জীবন' ও 'অবাক ভালোবাসা'।

টিপু জানিয়েছেন, 'পথচলা ২' অ্যালবামের কাজ চলছে, শিগগিরই আরও দুই একটা গান প্রচার হবে। এছাড়াও আগামী বছর সাত থেকে আটটি গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করবে ‘ওয়ারফেজ’।

১৯৮৪ সালের ৫ জুন সংগীত জগতে যাত্রা শুরু করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে অ্যালবাম প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু।

দলটি দর্শকদের উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম।