Published : 24 Feb 2026, 08:43 PM
তিন দিন পর একুশে পদক হাতে উঠবে ‘ওয়ারফেজ’ ব্যান্ডের। এই সম্মাননা নিতে দলটির সাবেক ও বর্তমান সদস্যরা একত্রিত হয়েছেন। কেউ এসেছেন কানাডা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, কেউ চীন থেকে।
এই সম্মাননা নিতে সবাই বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু।
গ্লিটজকে তিনি বলেন, “একুশে পদক গ্রহণ করতে কানাডা থেকে এসেছেন সঞ্জয় কামরান রহমান, যুক্তরাষ্ট্র থেকে বাবনা করিম ও মাসুক রহমান আর চীন থেকে এসেছেন অনি হাসান। আরও কয়েকজন সাবেক সদস্যের আসার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে পারেননি।
“আমরা সাবেক ও বর্তমান ব্যান্ডের সব সদস্য ও তাদের পরিবারের সবাইকে নিয়ে একটা আনন্দ আড্ডার আয়োজন করেছিলাম। পরিবারের সদস্য, বন্ধু, ঘনিষ্ঠজন এবং সহশিল্পীদের নিয়ে ছোট পরিসরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। সবাই এতে অংশ নিয়েছেন। আমাদের একটা রিইউনিয়ন হলো। তবে এই একত্রিত হওয়ার উদ্দেশ্য কিন্তু একুশে পদক। সবাই চেষ্টা করেছে আসার, যারা আসতে পারেনি আমরা তাদের অভাববোধ করব।”
একুশে পদক প্রাপ্তির খবরে ব্যান্ডের সব সদস্য বেশ আবেগাপ্লুত বলেও জানান টিপু।
টিপু বলেন, “বহু বছর পর সবাই একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়েছে এই পদককে ঘিরেই। পুরো বিষয়টি ঘিরে তাদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। আমরা কিন্তু কেউই এই পদকের জন্য প্রস্তুত ছিলাম না। একুশে পদক পাওয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বাংলাদেশে আরও অনেক যোগ্য শিল্পী ও ব্যান্ড থাকা সত্ত্বেও প্রথমবারের মত কোনো ব্যান্ড হিসেবে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এই অর্জনকে আমাদের ব্যান্ডের প্রত্যেক সদস্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন।”
সংগীতে অবদানের জন্য বাংলাদের প্রথম ব্যান্ড হিসেবে ‘ওয়ারফেজ’ একুশে পদক পাচ্ছে।
এই বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংস্কৃতি অঙ্গন থেকে একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।

সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা পার করেছে ব্যান্ড ‘ওয়ারফেজ’। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙাগড়ার মধ্যেও দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি।
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।
২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লেগ্যাসি কনসার্ট ট্যুর করে।
কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত।
আরও পড়ুন:
'ওয়ারফেজের' একুশে পদক, আবেগতাড়িত টিপু বললেন, 'একদম অপ্রত্যাশিত'
একুশে পদক পাচ্ছেন ববিতা, শফিক রেহমান, আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি ও
'ওয়ারফেজ': চার দশকের উদযাপন এবার কানাডায়
সংগীতে 'চার দশকের গল্প' শোনালেন ওয়ারফেজের কমল
দেশে ওয়ারফেজের লিগ্যাসি কনসার্ট ট্যুর স্থগিত