Published : 18 Jan 2026, 10:49 AM
অন্ধকার দুনিয়া, মাফিয়াদের আগ্রাসন আর এর সঙ্গে পারিবারিক আবেগ-এ ধরনের গল্প নিয়ে পরিচালক অনিক বিশ্বাস পরিচালনা করবেন ‘মার্বেল’ নামের সিনেমা।
সিনেমার পোস্টার প্রকাশ করে এই খবর দিয়েছেন নির্মাতা।
মঙ্গলবার থেকে সিনেমার দৃশ্য ধারণ করা শুরু হবে জানিয়ে অনিক গ্লিটজকে বলেন, "সিনেমাটির প্রি-প্রডাকশন কাজ শেষ। আমরা শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ২০ জানুয়ারি থেকে শুরু হবে আমাদের কাজ। সুনিপুণভাবে পুরো প্রজেক্টটি সাজিয়েছি, আশা করছি নির্মাণ শেষে দর্শকদের জন্য দারুণ একটি কাজ নিয়ে হাজির হতে পারব আমরা।"
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ম্যাক দিদার। অভিনেত্রী ও বাকি অভিনয়শিল্পীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
‘মার্বেল’ সিনেমার গল্প নিয়ে পরিচালকের ভাষ্য, "এতে দুটো সময়ের গল্প বলা হবে। সিনেমায় অ্যাকশন, ভায়োলেন্স, পারিবারিক আবেগ ও সমসাময়িক পটভূমি তুলে ধরা হবে।"
পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।
সিলভার স্ক্রিন ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।