১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে 'নীল জলের কাব্য'

এই সিনেমার মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনকে আবারও দেখা যাবে পর্দায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2023, 06:36 PM

Updated : 15 Nov 2023, 06:36 PM

নানা প্রতিকূলতার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।

বৃহস্পতিবার দুপুর ৩টায় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

এ উপলক্ষে বুধবার চ্যানেল আইয়ে সংবাদ সম্মেলনে সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন বলেন, “করোনার কারণে তিনবার ‘নীল জলের কাব্য’র শুটিং বন্ধ করতে হয়েছিল। শেষ পর্যন্ত কাজটা শেষ করে যে দর্শকের সামনে উপস্থিত করতে পারছি, এজন্য মেহজাবীনকে কৃতিত্ব দেব। কারণ এই প্রজেক্ট যেন হয়, তার পেছনে যদি একজন শেষ পর্যন্ত লেগে থাকে- তাহলে সে মেহজাবীন।”

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি মির্জাপুর টি-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, সিনেমার অভিনয়শিল্পী নিশো ও মেহজাবীন এবং আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ।

স্বাগত বক্তব্যে রিয়াজ বলেন, “মধ্যবিত্ত সমাজে আমরা অনেক সমস্যা মোকাবিলা করি। আমাদের অসংখ্য স্বপ্ন, স্বপ্নতেই শেষ হয়ে যায়। সেই স্বপ্ন জয়ের গল্প হচ্ছে আইস্ক্রিনের দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।”

কক্সবাজার যাওয়া এবং সমুদ্র দেখার স্বপ্নের এক গল্প নিয়ে এই ওয়েব ফিল্ম। এই সিনেমার মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীনকে আবারও দেখা যাবে পর্দায়।

আফরান নিশো বলেন, “‘নীল জলের কাব্য’ গল্পটি আমার অন্তরের খুব কাছের। এই কাজটি শেষ করতে অনেক সময় লেগেছিল। কিন্তু সময় গেলেও শেষ পর্যন্ত কাজটি দর্শকের সামনে আসছে, এটাই বড় কথা।”

মেহজাবীন বলেন, “২০২১ সালে নতুন ধরনের একটি গল্প খুঁজছিলাম। তখন জাহান সুলতানার কাছে ‘নীল জলের কাব্য’র মতো একটা গল্প পাই শিহাব ভাইয়ের মাধ্যমে, গল্পটি পড়েই তখন খুব রিফ্রেশিং লাগছিল। বহুবার শুটিং শুরু করে বন্ধ করতে হয়েছে নানা কারণে, গত অগাস্টে কাজটি শেষ হল। এখন আইস্ক্রিন দর্শকের সামনে নিয়ে আসছে আমাদের খুব আকাঙিক্ষত একটি কাজ, আশা করি সবাই দেখবেন।”

সবশেষে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, অনেকগুলো স্তর পার হয়ে একটি সিনেমা সম্পূর্ণ হয়। এই সিনেমাটি এখন শেষ স্তরে রয়েছে। এখন দর্শকের সামনে আসার অপেক্ষা। এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে বসে একসঙ্গে দেখার মতোই একটি সিনেমা।

ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ নিবেদন করছে ইস্পাহানি টি লিমিটেড।