Published : 07 Jul 2025, 07:03 PM
ভারতীয় চলচ্চিত্রের ‘কিং অব ট্রাজেডি’ খ্যাত অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন হিন্দি সিনেমার আরেক বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।
ইনস্টাগ্রামে দিলীপ কুমারের সঙ্গে নিজের বহু পুরনো একটি ছবি পোষ্ট করে হৃদয় আদ্র করা কিছু কথা লিখেছেন ধর্মেন্দ্র।
নিউজ ১৮ লিখেছে, সাদাকালো সেই ছবির পোস্টে ধর্মেন্দ্র লিখেছেন, “আজ সেই দুঃখের দিন, যা ভোলা যায় না। এই দিনে সবার প্রিয় অভিনেতা, ভাই, চলচ্চিত্র জগতের আইকন এবং একজন মহান মানুষ দিলীপ সাহেব আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি অনুভব করি আশপাশেই কোথাও আছেন তিনি।“
দিলীপ কুমার ও ধর্মেন্দ্রর বয়সের ব্যবধান থাকলেও তাদের বন্ধুত্বের নানা গল্প বিভিন্ন সময়ে এসেছে সংবাদমাধ্যমে। তবে দুজনে বড় পর্দা ভাগাভাগি করেছিলেন মাত্র একবারই, ১৯৬৬ সালে ‘পারি’ সিনেমায়। সেখানে দিলীপ কুমার অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
পঞ্চশ ও ষাটের দশকের বলিউড শাসন করা দীলিপ কুমার ৯৮ বছর বয়সে ২০২১ সালের ৭ জুলাই মারা যান।
তার জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। ইউসুফ খান ছিল তার নাম, তবে সিনেমায় নেমে তিনি দীলিপ কুমার নাম নেন।
১৯৪৪ সালে ‘জোয়ার-ভাটা’ সিনেমার মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় পা রাখেন তিনি।
এরপর ‘দিদার’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘রাম অউর শ্যাম’, ‘শক্তি’, ‘সওদাগর’ সহ অসংখ্য সাড়াজাগানো সিনেমায় অভিনয় করেছন তিনি।
প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ভারতের জাতীয় পুরস্কার ও ৮ বার ফিল্মফেয়ারসহ জিতেছেন আরো বহু পুরস্কার।