Published : 02 Jan 2023, 11:20 PM
কিংবদন্তি কমিক লেখক স্ট্যান লির জন্মশতবার্ষিকীতে নির্মিত হচ্ছে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র; যা দেখা যাবে এই বছরই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে।
গত ২৮ ডিসেম্বর স্টান লির জন্ম শতবার্ষিকী উদযাপনের পর মার্ভেল ডটকম এই প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দেয় বলে জানিয়েছে সিএনএন।
২০১৮ সালে স্ট্যান লি মারা যান। কমিক লেখক হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন ১৯৪১ সালে। কয়েকশ কমিক চরিত্রের স্রষ্টা লি স্পাইডার-ম্যান, দ্য অ্যাভেঞ্জারস,এক্স-মেন’র জন্য স্মরণীয় হয়ে আছেন। মার্ভেল কমিকসের স্বপ্নদ্রষ্টা হিসেবে তাকে বিবেচনা করা হয়।
গত ২৯ ডিসেম্বর প্রামাণ্যচিত্রটির ২৫ সেকেন্ডের একটি টিজার টুইট করে মার্ভেল এন্টারটেইনমেন্ট লিকেছে, “স্বপ্ন দেখার ১০০ বছর, সৃষ্টির ১০০ বছর, স্ট্যান লির ১০০ বছর।”
টিজারের নিচে একজন ভক্ত মন্তব্য করেছেন- “কিংবদন্তি স্ট্যানকে আমরা ভালোবাসি। মার্ভেলকে ধন্যবাদ।”