২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোমল পানীয়’র বিজ্ঞাপন নিয়ে শাহরুখের যুক্তি

‘‘সততার সঙ্গে বলুন তো, এই আয় থেকে সরকারের সাহায্য হচ্ছে না? তা হলে আমার আয়ও বন্ধ করবেন না।’’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 09:59 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

নতুন সিনেমা, বিয়ে বাড়িতে গিয়ে চুটিয়ে নাচ বা বিজ্ঞাপনে অভিনয়-যাই করুন কেন ভারতের হিন্দি সিনেমার তারকাভিনেতা শাহরুখের যেকোনো কাজেই নজর থাকে দর্শকের। সিনেমা সমালোচক বা দর্শকের প্রত্যাশা থাকে প্রিয় অভিনয়শিল্পীর কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার। তাই শাহরুখ যখন কোমল পানীয়ের বিজ্ঞাপন করেন, সেটি নিয়ে সমালোচনাও করে থাকেন অনেকে।

আনন্দবাজার লিখেছে, একবার এ ধরনের অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের।

বলিউডের জনপ্রিয় এ নায়কের পুরনো সাক্ষাৎকারের এই ভিডিও কদিন ধরে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই তার সঙ্গে সহমত হয়ে ভিডিও শেয়ার করে মন্তব্য লিখছেন। 

ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি কোমল পানীয়ের বিজ্ঞাপন করেন?  সেই প্রশ্নের উত্তরে শাহরুখ পাল্টা প্রশ্ন রেখেছিলেন, এগুলো এতই যখন খারাপ, তা হলে কেন বাজার থেকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে না?

তিনি বলেন, “আমি তো যেকোনো কর্তৃপক্ষকে বলব, এসব পণ্য নিষিদ্ধ করে দিন। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন।“

তামকাজাত পণ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনও সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? ঠাণ্ডা নরম পানীয় যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে বন্ধ করে দেওয়া হোক এর উৎপাদন। এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক।”

ব্যবসা ও আয়ের কথা মাথায় রেখে ‘অস্বাস্থ্যকর পণ্যের উৎপাদন চলছে’- এমন পাল্টা যুক্তির প্রসঙ্গে শাহরুখ বলেন, “দেখুন, আয় হচ্ছে বলে আপনারা এর উৎপাদন বন্ধ করছেন না। সততার সঙ্গে বলুন তো, এই আয় থেকে সরকারের সাহায্য হচ্ছে না? তা হলে আমার আয়ও বন্ধ করবেন না। 

”আমি একজন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন কোনো কিছু খারাপ, তা হলে সেটা আর ব্যবহার করবে না। এতে তো আর কোনও সমস্যা নেই।”